উত্তরে নদীর পানি দ্রুত বাড়ছে নতুন নতুন এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলীয় জেলার নদ-নদীগুলোর পানি বাড়ছে দ্রুত। ব্রহ্মপুত্র, যমুনা, ধরলা, দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীর পানি এরই মধ্যে বিপৎসীমার বেশ ওপরে উঠে গেছে। এতে এসব জেলার নতুন এলাকা ও চরাঞ্চল একের পর এক প্লাবিত হচ্ছে। কোনো কোনো স্থানে শুরু হয়েছে নদীভাঙন।

তবে দেশের পূর্বাঞ্চলে সিলেট ও মৌলভীবাজার জেলায় বন্যার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। গতকাল শনিবার পানি কমেছে অনেক জায়গায়। তবে এখন ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগবালাই।

বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি ২৪ ঘণ্টায় আরও বেড়ে গতকাল বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বাড়তে থাকায় জেলায় বন্যার অবনতি ঘটেছে। পানি ঢোকায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ। উপজেলাগুলোর মধ্যে সারিয়াকান্দিতে প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হওয়ায় এখানকার মানুষ পার্শ্ববর্তী বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। খোলা আকাশের নিচে গবাদিপশু আর মানুষ একসঙ্গে বসবাস করছে। দেখা দিয়েছে খাবার ও পানির সংকট।

এদিকে ধুনটের ৯ গ্রামের প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিচ্ছে।

গাইবান্ধার সব নদ-নদীর পানি বাড়ছে। ২৪ ঘণ্টায় গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, ফুলছড়ির এরেন্ডাবাড়ি, ফুলছড়ি, কঞ্চিপাড়া, উড়িয়া, ফজলুপুর ও সাঘাটার হলদিয়া ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের অনেকে সরকারি উঁচু জায়গা, ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।

সিরাজগঞ্জ পয়েন্টে গতকাল যমুনার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। অনেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। গত শুক্রবার রাতে চৌহালীতে নদীর পূর্ব প্রান্তে নির্মাণাধীন স্থায়ী তীর রক্ষা বাঁধের আজিমউদ্দীন মোড় এলাকায় ৭০ মিটার অংশ ধসে গেছে। এ নিয়ে ৭ কিলোমিটার বাঁধে ছয় দফা ধস নামার ঘটনা ঘটল। আবারও বাঁধ ধসের এ ঘটনায় যমুনার পূর্ব তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মানুষজন বাড়িঘর ভেঙে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। ধস নিয়ন্ত্রণে বালুর বস্তা ফেলা হচ্ছে।

জামালপুরে গতকাল দুপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বাড়ায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত দুই দিনে এ তিন উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিবন্দী আছে চিলমারী, উলিপুর, রৌমারী, রাজীবপুর ও সদর উপজেলার ২০টি ইউনিয়নের নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপচরের দেড় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ।

তবে সিলেটে বন্যার উন্নতি হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় জেলার দুই প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি কমছে। বন্যাকবলিত ৯ উপজেলায় আরও অর্ধশতাধিক বাড়িঘরের পানি নেমেছে। তবে বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, গোলাপগঞ্জ ও বালাগঞ্জের গুরুত্বপূর্ণ পাঁচ সড়ক এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। বন্যার্তরা পর্যাপ্ত ত্রাণসহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেছে।

মৌলভীবাজারেও পানি কমতে শুরু করায় বন্যার কিছুটা উন্নতি হয়েছে। কিছু রাস্তাঘাট ও বাড়ি থেকে পানি নামছে। জেলায় এখনো প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্ধ হয়ে আছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও সিলেট এবং বগুড়া, ধুনট (বগুড়া), গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার প্রতিনিধি]