ধনাগোদা নদীর এপারে মতলব দক্ষিণ উপজেলা, ওপারে মতলব উত্তর উপজেলা। নৌকায় নদী পেরোতে সময় লাগে বড়জোর ১৫ মিনিট। এত অল্প দূরত্বের এই দুই উপজেলায় আজ বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে আবহ একেবারে আলাদা। দক্ষিণে নির্বাচনের পূর্ণ আমেজ থাকলেও উত্তরে নীরবতা।
চাঁদপুরের এ দুটি উপজেলা পরিষদের মতো সদর ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদেও আজ ভোট গ্রহণ হচ্ছে। গতকাল বুধবার এসব উপজেলা ঘুরে দেখা গেছে, মতলব উত্তর বাদে বাকি তিনটিতে মানুষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁরা বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁরা ভোট দিতে পারেননি। তাই উপজেলা নির্বাচনে ভোট দেবেন।
মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর আহমেদের পোস্টারে ছেয়ে গেছে। সে তুলনায় বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক সরকারের পোস্টার নেই বললেই চলে। সেখানে নির্বাচন নিয়ে তেমন আমেজও নেই।
লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল হক ২৫ ফেব্রুয়ারি রাতে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সাংসদ দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা-মামলা-জুলুম-অত্যাচার করছেন। তিনি এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি নির্বাচন বর্জন করতে পারেন, এমন ঘোষণায় তিনি নির্বাচনে আছেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ভোটারদের মধ্যে।
উপজেলার গজরা বাজারে আলাপকালে কয়েকজন ভোটার এমন কথা বললেন। গতকাল সারা দিন চেষ্টা করেও নুরুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বলেন, হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি-সমর্থিত প্রার্থী তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
মতলব দক্ষিণে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আবদুস শুক্কুর পাটোয়ারীর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত সিরাজুল মোস্তফা তালুকদার। এলাকায় দুজনেরই ভাবমূর্তি ভালো। ভোটাররা বলেছেন, এখানে জমজমাট লড়াই হবে।
ফরিদগঞ্জে চেয়ারম্যান পদে দুই দলেরই একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাহেদ সরকার, বিএনপি-সমর্থিত প্রার্থী শরীফ মো. ইউনুস। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ. বারী মিয়াজী এবং বিএনপির বহিষ্কৃত নেতা এম হান্নান, দুলাল মিয়া পাটওয়ারী ও বর্তমান চেয়ারম্যান হাজি মোজাম্মেলও প্রার্থী। আরেক প্রার্থী আ. মালেক বুলবুলও বিএনপির নেতা। এলাকাবাসী জানান, এ উপজেলা
বিএনপির ভোটব্যাংক হিসেবে পরিচিত হলেও চেয়ারম্যান পদে চারজন বিদ্রোহী প্রার্থী থাকায় উপজেলা নির্বাচনের ফলাফল যেকোনো কিছু হতে পারে।
চাঁদপুর সদরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. ইউসুফ গাজীর সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান শফিকুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। এ উপজেলায় কোনো দলেরই বিদ্রোহী প্রার্থী নেই।
সব প্রস্তুতি সম্পন্ন: চার উপজেলা পরিষদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল্যাহ নুরী বলেছেন, ‘উপজেলা নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। কিছু কিছু জায়গা একটু স্পর্শকাতর। সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’
পুলিশ সুপার আমির জাফর বলেছেন, সব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশের অসহযোগিতা এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানির বিষয়ে মতলব উত্তরের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হক সরকারের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আসামি ধরা হচ্ছে। এটা পুলিশের নৈমিত্তিক কাজ। কাউকে হযরানি করা উদ্দেশ্য নয়।