উত্তরে বন্যা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যার পানি বাড়ছে। তবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে। কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। তবে সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম বলেন, বন্যায় শ্রেণিকক্ষ ডুবে যাওয়ায় ৪৮টি বিদ্যালয়ের প্রায় ৮ হাজার শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ রয়েছে। এর মধ্যে ৪৩টি প্রাথমিক ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়। যমুনার ভাঙনে বিলীন হয়েছে বয়রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গতকাল সকাল ৯টার দিকে সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সেখানে আশ্রয় নিয়েছেন বন্যাকবলিত এলাকার মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনাসহ নদ-নদীর পানি বেড়ে সিরাজগঞ্জের ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩৬টিই এখন বন্যাকবলিত। শাহজাদপুর উপজেলার সোনাতুনি ও কৈজুরী ইউনিয়নে গত তিন দিনে তিন শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, এ সময় ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া কঠিন। তারপরও ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।

গাইবান্ধায় নতুন করে আরও তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ৪ সেন্টিমিটার ও ধরলার পানি ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুরে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। দুই দিন ধরে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী আছেন। জামালপুরের পাউবোর পানি পরিমাপের নিয়ন্ত্রক আবদুল মান্নান বলেন, গতকাল বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে বন্যার পানি ধীরে ধীরে কমছে। তবে এখনো প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী আছেন। জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার হাওরসংলগ্ন বন্যাকবলিত এলাকায় খাবার ও খাওয়ার পানির সংকট চলছে।

সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। তবে বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পাঁচটি সড়ক এখনো পানির নিচে তলিয়ে আছে। 

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ী, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ প্রতিনিধি]