উত্তরে বন্যার আরও অবনতি, সিলেটে পরিস্থিতির উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা নদীর বানের পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল। কিন্তু ক্ষুধা–তৃষ্ণা তো থেমে থাকে না! বাড়ির উঠানে কলার ভেলায় চুলা জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার খাটিয়ামারি চর থেকে তোলা l সোয়েল রানা
যমুনা নদীর বানের পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল। কিন্তু ক্ষুধা–তৃষ্ণা তো থেমে থাকে না! বাড়ির উঠানে কলার ভেলায় চুলা জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার খাটিয়ামারি চর থেকে তোলা l সোয়েল রানা

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়তে থাকায় গতকাল বৃহস্পতিবার উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জসহ জামালপুর, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একই সঙ্গে বগুড়া, সিরাজগঞ্জসহ কোথাও কোথাও চলছে নদীভাঙন। সিলেটের চার উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত আছে চার উপজেলায়।

এদিকে সিরাজগঞ্জের সদর উপজেলায় একটি নির্মাণাধীন বন্যানিয়ন্ত্রণ বিকল্প বাঁধের প্রায় ২০ মিটার ধসে গেছে। এ ছাড়া খাবার, বিশুদ্ধ পানির অভাব এবং পানিবাহিত রোগের কারণে নানা সংকটে দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের। রাস্তাঘাট ডুবে যাওয়ায় সড়ক যোগাযোগব্যবস্থা অনেক স্থানে অচল হয়ে আছে। গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

 সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকায় নির্মাণাধীন বন্যানিয়ন্ত্রণ বিকল্প বাঁধের প্রায় ২০ মিটার গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পানির তোরে ধসে গেছে। ফলে প্রবল বেগে যমুনা নদী থেকে পানি বাঁধের বাইরে প্রবেশ করছে। পানি উন্নয়ন বোর্ড ধস নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা জানান, লোকজনকে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানসহ উঁচু স্থানে আশ্রয় নেওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে। বন্যার্তদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ধসে যাওয়া স্থান নিয়ন্ত্রণে আনার জন্য পানি উন্নয়ন বোর্ড সর্বশক্তি নিয়োগ করেছে।

বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গতকাল পর্যন্ত সরকারি হিসাবে ১৪টি ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নদীভাঙনে গত কয়েক দিনে সারিয়াকান্দির সাতটি গ্রামে বাড়িঘর বিলীন হয়ে বাস্তুহারা হয়েছে প্রায় ৭ হাজার মানুষ। যমুনার দুর্গম চরাঞ্চলে দুই সপ্তাহ ধরে পানিবন্দী মানুষ দুঃসহ জীবন যাপন করছে।

গাইবান্ধায় নতুন করে প্লাবিত হয়েছে সাঘাটা উপজেলার হলদিয়া ও সদর উপজেলার কামারজানি ইউনিয়ন। জেলার চার উপজেলার ২৯টি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ও ঘাঘটের পানি গাইবান্ধা শহর রক্ষা বাঁধ পয়েন্টে
বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত বুধবার রাতে বন্যার পানিতে ডুবে সদর উপজেলার কামারজানি গ্রামের স্বপ্না খাতুন (৫) ও গতকাল দুপুরে ফুলছড়ির কাবিলপুর গ্রামের পিনহা খাতুন (৬) মারা যায়। বন্যা পরিস্থিতি দেখতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী আগামী রোববার গাইবান্ধায় যাচ্ছেন।

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙন দেখা দিয়েছে। গতকালই দুপুর পর্যন্ত ৭৩ পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থেকে রক্ষা পেতে বালাপাড়া ইউনিয়নের তালুক শাহবাজ, হরিচরণ, গণাই, আজম খাঁ গ্রামের মানুষ ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছে।

ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় কুড়িগ্রামে বন্যার আরও অবনতি হয়েছে। সদর উপজেলার পাঁচগাছি, যাত্রাপুর ও ঘোগাদহ ইউনিয়ন, উলিপুরের হাতিয়া ও বুড়াবুড়ি এবং নাগেশ্বরীর নুনখাওয়া, কালীগঞ্জ ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পাঠদান বন্ধ রয়েছে ১২৯টি স্কুলে। নদীভাঙনে বিলীন হয়েছে পাঁচটি স্কুল। ঝুঁকিতে আছে ১৮টি স্কুল।

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নের বাড়িঘর থেকে গতকাল পানি নামতে শুরু করেছে।

জামালপুরে বন্যার অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার লাখো মানুষ। পণ্যবাহী নৌকা দেখলেই ত্রাণের আশায় ছুটছে বানভাসি অনেকে। খাওয়ার পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। যেসব এলাকায় এখনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি, সেখানে দ্রুত ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

মৌলভীবাজারের হাওরাঞ্চলে পানি বেড়েছে। বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার হাওর-সংলগ্ন এলাকার প্রায় তিন লাখ পানিবন্দী মানুষের দুর্ভোগও বাড়ছে।

সিলেটে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারার পানি বেড়েছে। তবে বিয়ানীবাজার, ওসমানীনগর, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় বন্যা অপরিবর্তিত রয়েছে। এর বাইরে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও দক্ষিণ সুরমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।