উত্তরে বর্জন, দক্ষিণে কেন্দ্র দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হক সরকার নিজেই ভোট দিতে পারেননি। ভোট দিতে না পারা এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে সকালে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
মতলব দক্ষিণে দিনভর ছিল কেন্দ্র দখলের হিড়িক। ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মাথায় দক্ষিণের সবচেয়ে বড় কেন্দ্র মতলব ডিগ্রি কলেজে বিএনপি-সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আবদুস শুককুরের এজেন্টদের বের করে কেন্দ্র দখলের প্রতিযোগিতা শুরু হয়। দুই উপজেলার কমপক্ষে ১২টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না।
মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শওকত আলীকে অন্যান্য নেতা-কর্মীর সহযোগিতায় সিল মারতে দেখা যায়। প্রথম আলোর প্রতিবেদক ছবি তুলতে গেলে তিনি ও তাঁর সহযোগীরা বলেন, ‘সব মায়া ভাইয়ের প্রেস্টিজ রক্ষায়।’ তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভোট দিতে আসেননি। প্রথম আলোকে তিনি বলেন, কেউ যেন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সে কারণেই তিনি তাঁর ভোটটি ‘উৎসর্গ’ করেছেন।
মতলব দক্ষিণের সবচেয়ে বড় কেন্দ্র মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে নয়টার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়। থানার ওসি জাহাঙ্গীর আলম দখলকারীদের না ঠেকিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের তাড়া করেন।
একই উপজেলার নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা দেড়টা থেকে ভোট গ্রহণ বন্ধ ছিল। আবদুস শুক্কুর পাটোয়ারীর এজেন্টরা বলেন, বেলা একটার দিকে অতর্কিতে একদল যুবক কেন্দ্রের ভেতরে ঢুকে স্কুল ফটকে তালা মেরে একতরফা ব্যালট পেপারে সিল মারতে শুরু করেন।
পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নওগাঁ উচ্চবিদ্যালয় ও নওগাঁ রাশেদিয়া মাদ্রাসা কেন্দ্রেও ভোট গ্রহণ দফায় দফায় বন্ধ হয়ে যায়। ্পয়ালী বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার সামনেই ভোটাররা অভিযোগ করেন, তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি।
মতলব উত্তরের ছেংগারচর ডিগ্রি কলেজ কেন্দ্রের ভোটার বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক সরকার বলেন, ৮৫টি কেন্দ্রের একটিতেও তাঁর এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। তবে প্রিসাইডিং কর্মকর্তা জুনায়েদ ইবনে হামিদ বলেন, তিন হাজার চারজন ভোটারের মধ্যে দুপুর ১২টা নাগাদ ভোট দিয়েছেন এক হাজার ৪৫৪ জন। তবে বিএনপি-সমর্থিত প্রার্থীর কোনো এজেন্টকে তিনি খুঁজে পাননি।
সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। ফরিদগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থকদের কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগে বিএনপি-সমর্থিত তিন ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভোট বর্জন করেন। তবে প্রিসাইডিং কর্মকর্তা আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখেন।