উত্তরে শীতের পদধ্বনি দেখা দিচ্ছে সর্দি-জ্বর
উত্তরাঞ্চলে এক সপ্তাহ ধরে সন্ধ্যার পর কুয়াশা পড়ছে। রাতে খানিকটা ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদেরা বলছেন, এটা শীতের পদধ্বনি। আবহাওয়ার এ পরিবর্তনের সঙ্গে দেখা দিয়েছে সর্দি-জ্বর ও কাশির প্রকোপ।
দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরা খাতুন জানান, দিনাজপুরে রাতে এক সপ্তাহ ধরে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। মনে হচ্ছে শীত এসে পড়ছে।
ঢাকা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে রাতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আবহাওয়া সর্বনিম্ন ২০-২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করছে। রাতে কুয়াশাও পড়ছে। এটা শীতের আগমনী বার্তা। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেশে শীত পড়বে বলে তিনি জানিয়েছেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, সপ্তাহ ধরে সর্দি-জ্বর ও কাশিতে আক্রান্ত রোগী চিকিৎসা নিতে হাসপাতালে বেশি আসছে। গরম থেকে ঠান্ডা আবহাওয়া বিরাজ করায় এ সমস্যা হচ্ছে বলে তিনি জানান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিবছরই আবহাওয়া পরিবর্তনের সময় সর্দি-জ্বর ও কাশি হয়। এবারও তা-ই হচ্ছে। এতে ভয়ের কিছু নেই। তবে সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।