বিএনপির প্রার্থী ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর নাম আজ ঘোষণা করা হবে। সুপ্রিম কোর্টে আবদুল আউয়াল মিন্টুর আপিল নিষ্পত্তির পরই বিএনপি-সমর্থক বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’ প্রার্থী ঘোষণা করবে। বিএনপির একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ঢাকা উত্তরে বিএনপিসহ জাতীয়তাবাদী সব শক্তির সমর্থন চেয়েছেন। তিনি বলেন, ‘বিএনপির প্রার্থী সংকটের কারণে জাতীয়তাবাদী শক্তির সমর্থন পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে আমার। সে কারণে আমি সব জাতীয়তাবাদী শক্তির সমর্থন চাই। খালেদা জিয়া যেহেতু জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, সে কারণে তাঁর সমর্থন প্রত্যাশা করি।’
বিএনপির দায়িত্বশীল নেতারা বলেছেন, আপিলে প্রার্থিতা টিকে গেলে মিন্টুই দলের প্রার্থী হবেন। হেরে গেলে ছেলে তাবিথ আউয়ালকে প্রার্থী ঘোষণা করা হতে পারে। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তাঁকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। অবশ্য বিএনপির নেতাদের কেউ কেউ সরকার-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হকের বিপরীতে পরিচিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় মাহী বি চৌধুরীর পক্ষে তৎপর আছেন। আবার বিএনপি ও ২০-দলীয় জোটের শরিক দলের বড় একটি অংশ মাহীকে সমর্থন না দিতে সক্রিয় হয়েছেন।
দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, মাহী ও তাবিথের মধ্যে আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। মাহী ব্লু ব্যান্ড কল নামে যে সংগঠনটির কর্ণধার, তাবিথ সেটির অন্যতম নীতিনির্ধারক।