উত্তরে 'ভাদরকাটানি' উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর প্রচলিত বেশ কিছু লোকাচার পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বৃহত্তর রংপুর-দিনাজপুরের মানুষ নানা আয়োজনে পালন করে আসছে। এসব লোকাচারের একটি হলো ‘ভাদরকাটানি’। এ অঞ্চলে দীর্ঘকাল ধরে ভাদরকাটানি ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে।
ভাদরকাটানি লোকাচার হলেও এখন গোটা উত্তরাঞ্চলে এটা সামাজিক রেওয়াজে পরিণত হয়েছে। এ অঞ্চলের হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ে এ উৎসব চলে আসছে শত বছর ধরে। নববধূদের এই রেওয়াজটি অবশ্যই পালন করতে হয়। অনেক পুরোনো বধূও এ রেওয়াজ মেনে চলেন।
নববধূ ভাদ্র মাস শুরুর আগেই শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যান। কোনো নববধূ তিন দিন, কেউ সাত দিন, আবার কেউ কেউ পুরো মাসই থেকে যান বাবার বাড়িতে। এ সময়ে নববধূরা স্বামীর মুখ দেখেন না। স্থানীয় লোকজনের বিশ্বাস, এ সময় দেখা-সাক্ষাৎ হলে স্বামীরা অন্ধ হয়ে যেতে পারেন। অথবা সংসারের অমঙ্গল হতে পারে। এমনকি অপঘাতে মৃত্যুও হতে পারে স্বামীর। এ লোকজ বিশ্বাসের কারণেই এ উৎসবের শুরু বলে অনেকে মনে করেন।
এ সময় মেয়েকে বাড়িতে পেয়ে পরিবারগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নাইওরে এসেছেন নতুন বিবাহিত সদর উপজেলার চাকলাহাট গ্রামের আসমা বেগম (২২), সালমা বেগম (২০), ধনিপাড়া গ্রামের আফসানা বেগম (২২), সাবিনা (২০) ও আরজিনা (২২)। তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের নূরনবী ও নজরুল ইসলামের নববিবাহিত স্ত্রীরাও চলে গেছেন বাবার বাড়িতে।
শ্রাবণ মাসের শেষ দিনে বাবার বাড়িতে এসেছেন আসমা। তিনি বলেন, ‘ভাদরকাটানি বিষয়ে কোনো নিয়ম আছে কি না তা জানি না। তবে এ উপলক্ষে বাবার বাড়িতে বেশ কিছুদিন থাকা যায়। বেশ ভালোই লাগে।’