উত্তরের গলদা চিংড়ির পোনা যাচ্ছে দক্ষিণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ প্রকল্পের গলদা হ্যাচারি খামারে এবার রেকর্ড পরিমাণ গলদা চিংড়ির পোনা উৎপাদিত হয়েছে। এসব পোনা উত্তরের জেলাগুলোর পাশাপাশি সরবরাহ করা হচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়।
উত্তরাঞ্চলে মাছের পোনার চাহিদা মেটাতে ২০০০ সালে চিংড়িপোনা উৎপাদনের ওই খামারটি স্থাপন করা হয়েছিল। খামারে নানা প্রজাতির পোনা উৎপাদিত হলেও এবারই প্রথম প্রায় আট লাখ পোনা উৎপাদিত হয়েছে।
ওই গলদা হ্যাচারি খামার সূত্রে জানা গেছে, পোনা উৎপাদনের জন্য ওই খামারে গত বর্ষা মৌসুমে ২০০ মা চিংড়ি আনা হয়েছিল বাগেরহাটের বিভিন্ন নদী থেকে। চিংড়ির লার্ভা প্রতিপালনের জন্য কক্সবাজারের পেকুয়ার লবণ মাঠ থেকে আনা হয়েছিল ব্রাইল ওয়াটার। প্রতি চিংড়ি থেকে পোনা এসেছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজারটি। দক্ষিণাঞ্চলের মাছের ঘেরগুলোতে চিংড়ির চাহিদা বেশি হওয়ায় ওই এলাকার মৎস্যচাষিরা অক্সিজেন দিয়ে ব্যাগে করে চিংড়ির পোনা নিয়ে যাচ্ছেন।
চিংড়ির পোনা কিনতে আসা বাগেরহাটের মৎস্যচাষি রিয়াদ আহমেদ বলেন, দক্ষিণাঞ্চলে চাহিদামতো গলদার পোনা পাওয়া যায় না। তাই তিনি পার্বতীপুরের ওই হ্যাচারি থেকে ১ লাখ ৩০ হাজার গলদার পোনা কিনেছেন। প্রতিটি পোনার দাম পড়েছে ১ টাকা ৬০ পয়সা। সেই সঙ্গে পরিবহন খরচ ২৫ হাজার টাকা। তিনি আরও বলেন, ৫০ শতাংশ চিংড়ির পোনা পূর্ণাঙ্গ চিংড়িতে পরিণত করতে পারলেও যথেষ্ট মুনাফা আসবে।
খামার ব্যবস্থাপক ইসহাক আলী গতকাল বুধবার বলেন, তাঁর খামারে এবার আট লাখের মতো চিংড়িপোনা উৎপাদিত হয়েছে। উপযুক্ত বাজারমূল্য পাওয়া গেলে সাড়ে ১৩ লাখ টাকার মতো পাওয়া যাবে পোনা বিক্রি করে। উৎপাদিত চিংড়িপোনার মধ্যে ৫০ শতাংশ পূর্ণাঙ্গ চিংড়ি হলে ওজন দাঁড়াবে ৪০ হাজার কেজি। ৮০০ টাকা কেজি হিসেবে মৎস্যচাষিরা বাজারে তা বিক্রি করতে পারলে আসবে ৩ কোটি ২০ লাখ টাকা। রপ্তানি করলে আয় আসবে আরও বেশি। উত্তরের ১৬ জেলা ছাড়াও পার্বতীপুরের চিংড়ি এখন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দক্ষিণের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
ইসহাক আলী আরও বলেন, খামারের অবকাঠামোগত সংস্কার ও জনবলের ঘাটতি মেটাতে পারলে খামারটিতে আরও বেশি পরিমাণ গলদার পোনা উৎপাদন করা সম্ভব হবে। এতে গলদা চিংড়ি রপ্তানি করে সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।