উত্তরের পাঁচ জেলায় তীব্র শীত, জনজীবন স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই জেলায় আট বছরের মধ্যে সর্বমিম্ন তাপমাত্রার রেকর্ড এটি। এ ছাড়া দিনাজপুরের তাপমাত্রা ছিল ৬, পঞ্চগড়ে ৬ দশমিক ২ ও রংপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠান্ডায় ওই সব জেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে যে পরিমাণ শীতবস্ত্র বরাদ্দ করা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: রাজশাহীতে তীব্র শীতে মানুষের পাশাপাশি গবাদি পশুপাখির অবস্থাও কাহিল। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৩ জানুয়ারি রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর রাজশাহীতে ২০০৫ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা আশরাফুল আলম বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। গতকাল তা ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন চলতে পারে বলে তিনি জানান।দিনাজপুর: জেলা আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী, গতকাল তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে যাওয়ায় জনজীবনে নেমে আসে অবর্ণনীয় দুর্ভোগ। জেলায় গতকালের তাপমাত্রা ছিল গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। সারা দিন সূর্যের মুখ দেখা যায়নি। দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গরু-ছাগলের শরীর চট দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। তীব্র ঠান্ডার কারণে রাস্তায় মানুষের চলাচল কম দেখা গেছে। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ জানান, এ পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে এক হাজার এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সাড়ে পাঁচ হাজার কম্বল পাওয়া গেছে। সেগুলো ১৩টি উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। জেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালী ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।পঞ্চগড়: গতকালও জেলার আকাশ ছিল মেঘলা ও ঘন কুয়াশায় ঢাকা। যানবাহনগুলো দিনের বেলায়ও বাতি জ্বালিয়ে চলাচল করেছে। তীব্র শীতের পাশাপাশি রাতে বৃষ্টির মতো শিশির পড়ছে। ছিন্নমূল, ভাসমান ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. বাহারাম আলী জানান, গত কয়েক দিনে বেশ কিছু শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। জেলা প্রশাসক বনমালী বলেন, জেলায় বরাদ্দ করা চার হাজার কম্বল দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। আরও ১০ হাজার কম্বল ও ১০ লাখ টাকা চেয়ে মন্ত্রণালয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে। রংপুর: রংপুরে শীতার্ত মানুষ কাহিল হয়ে পড়েছে। গতকাল জেলার সর্বত্র ছিল কনকনে বাতাস। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হয়নি। সরকারি হিসাব অনুযায়ী, জেলার প্রায় ৫০ হাজার দুস্থ ও অসহায় শীতার্ত মানুষ রয়েছে। গতকাল জেলার গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নে তিস্তা নদীর আলালের চরে গিয়ে দেখা গেছে, শীতার্ত মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। স্থানীয় বাসিন্দা জাহেরা খাতুন (৪০) বলেন, ‘বাহে জারোত (শীত) মরি গেইনো। শীত পড়ে না কইতে কইতে এমন শীত পড়িল যে এলা জানে বাঁচে না।’ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, নতুন করে শীতবস্ত্র মেলেনি। এর আগে জেলার আট উপজেলায় মাত্র চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে।জেলার অন্যান্য উপজেলার মতো পীরগাছা উপজেলায়ও গত কয়েক দিন ধরে হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। উপজেলার চরাঞ্চলে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে চরম বিপাকে পড়েছে। পীরগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৯০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।নীলফামারী: ‘হামরা গরিব মানুষ। কেথায় (কাঁথা) হামার সম্বল। কেথা দিয়া ঠান্ডা পালায় না। যে ঠান্ডা পইরছে তাতে আগুন তাপি রাইত কাটের নাগে।’ কথাগুলো বলেছেন নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের আমিনা খাতুন (৪৫)। জেলায় গতকাল রাত থেকে তীব্র শীত পড়েছে। সারা দিন ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বলেন, ‘এ বছর ৩০টি কম্বল পেয়েছি। ইউনিয়নে গরিব মানুষের সংখ্যা ১০ থেকে ১২ হাজার। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের উচ্চমান সহকারী নজরুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয় থেকে পাওয়া পাঁচ হাজার ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া এক হাজার কম্বল ছয়টি উপজেলায় বিতরণ করেছি। ত্রাণ মন্ত্রণালয়ের কাছে আরও ১০ হাজার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঁচ হাজার কম্বল চেয়েছি।’