উত্তরের পানির দক্ষিণে যাত্রা কবে?
সিলেট নগর দুই অংশে বিভক্ত করে রেখেছে সুরমা নদী। উত্তর অংশে মূল নগর। দক্ষিণের অংশ দক্ষিণ সুরমা নামে পরিচিত। একই নগর অথচ দুই অংশে বিস্তর ফারাক। উত্তরে পানির সরবরাহ মোটামুটি ভালো। অথচ দক্ষিণে এখন পর্যন্ত সিটি করপোরেশনের পানি সরবরাহের কোনো ব্যবস্থাই গড়ে ওঠেনি।
সিটি করপোরেশন কর্তৃপক্ষের দাবি, উত্তর অংশের পানি সরবরাহে তেমন কোনো সমস্যা নেই। পাম্প খারাপ হয়ে যাওয়া, বিদ্যুৎ না থাকা—এসব সাময়িক সমস্যা। অন্যদিকে দক্ষিণ অংশে পানি সরবরাহের জন্য পাইপলাইন বসানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই এ অংশের বাসিন্দাদের পানি-সংকট দূর হয়ে যাবে। বর্তমানে ৬০টি গভীর নলকূপের মাধ্যমে দক্ষিণে পানি সরবরাহ করা হচ্ছে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান।
সিটি করপোরেশন সূত্র জানায়, ৩৬ বর্গকিলোমিটার আয়তনের সিলেট নগরে সাড়ে সাত থেকে আট লাখ লোকের বসবাস। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড তিনটি নগরের দক্ষিণ অংশে পড়েছে এবং বাকিগুলোর অবস্থান উত্তরে। মোট বাসিন্দার প্রায় আড়াই লাখ দক্ষিণ অংশে বাস করেন। ২০০২ সালের নির্বাচনের আগে দক্ষিণ অংশের তিনটি ওয়ার্ড সিটি করপোরেশনে সংযুক্ত হয়।
দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাসিন্দা মাহবুব উদ্দিন বলেন, ‘এক যুগ পেরিয়ে গেলেও পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি সিটি করপোরেশন। নামেই নগরের বাসিন্দা আমরা। মূলত আগের ইউনিয়ন পরিষদের মতোই সুবিধা নিয়ে চলতে হচ্ছে।’ ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন জানান, দক্ষিণ সুরমার তিনটি ওয়ার্ডে পানি সরবরাহ নিশ্চিত করতে একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। কিছুদিনের মধ্যে এই কাজ শেষ হবে। এরপর এখানকার বাসিন্দাদের আর পানির সংকট থাকবে না।
নগরবাসীর অভিযোগ, চাহিদার তুলনায় পানির সরবরাহ কম। তাই অনেক হোটেল-রেস্তোরাঁ ও বাসা-বাড়িতে পানীয়জল কিনে খেতে হয়। নিম্ন আয়ের লোকজনকেই, তাঁদের পানীয়জলের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়।
সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখার কর্মকর্তারা জানান, নগরবাসীকে পানি সরবরাহ করতে গিয়ে সিটি করপোরেশনকে প্রতি মাসে ৫০ লাখ টাকা খরচ করতে হচ্ছে। অথচ অনেকে নিয়মিত বিল পরিশোধ না করায় পানির বিল বাবদ প্রতি মাসে সিটি করপোরেশন আয় করছে মাত্র ১২ লাখ টাকা। বর্তমানে নগরে আট কোটি লিটার চাহিদার বিপরীতে সিটি করপোরেশন পানি সরবরাহ করতে পারছে মাত্র তিন কোটি লিটার। নগরের তোপখানা এলাকার অবস্থিত একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৩০টি উৎপাদক নলকূপের মাধ্যমে এই পানি সরবরাহ করা হচ্ছে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, উৎপাদক নলকূপ ছাড়াও দক্ষিণ সুরমায় ৬০টি গভীর নলকূপের পাশাপাশি উত্তর অংশে রয়েছে আরও অন্তত ২০০টি গভীর নলকূপ। তোপখানার একমাত্র ট্রিটমেন্ট প্ল্যান্টটি বর্তমানে দৈনিক ছয় লাখ লিটার পানি সরবরাহ করতে পারে। এটিকে ২৪ লাখ লিটারে উন্নীত করতে একটি প্রকল্পের কাজ শুরু করার চিন্তা-ভাবনা সিটি করপোরেশনের রয়েছে। এর বাইরে নগরের উত্তর ও দক্ষিণ সুরমায় পানি সংকট দূর করতে ১৩২ কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণকাজ শেষের পথে বলে তিনি জানান।
ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণকাজ দ্রুতগতিতে শেষ হচ্ছে জানিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হানিফ বলেন, ইতিমধ্যেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির সব কাজ শেষ হয়েছে। উত্তর অংশ থেকে পাইপলাইনটি সুরমা নদীর শাহজালাল ব্রিজের ওপর দিয়ে দক্ষিণ অংশে নেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এখনো অনুমতি পাওয়া যায়নি। তাদের অনুমতি পেলেই পানির পাইপ বসিয়ে ফেলা হবে। এর বাইরে নগরের উত্তর অংশের মির্জাজাঙ্গাল ও তালতলা এলাকার দুটি কালভার্টের ওপর পাইপ বসানোর কাজ বাকি রয়েছে। এসব শেষ হলেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
নগরে পানির সংকটের কথা স্বীকার করে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব প্রথম আলোকে বলেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যে ট্রিটমেন্ট প্ল্যান্টটি সিটি করপোরেশনকে নির্মাণ করে দিচ্ছে, সেটি বাস্তবায়িত হলে পানির সমস্যা অনেকটাই কেটে যাবে। তবে ওই কাজের দীর্ঘসূত্রতা ও ধীর গতির কারণে আমরা পানির সংকট দূর করতে পারছি না।’