উত্তরের ভোটারদের দাবি পুনর্বাসন, দক্ষিণের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী, সাগর, পাহাড়ঘেরা পর্যটন শহর কক্সবাজার পৌরসভার প্রায় ৪০ হাজার ভোটার এখন মূলত দুটি দাবি নিয়ে সোচ্চার। একটি ‘উচ্ছেদ’, অন্যটি ‘পুনর্বাসন’। শহরের প্রধান সড়কের উত্তর-পশ্চিম অংশের নুনিয়াছটা, ফদনারডেইল, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়াসহ সাতটি গ্রামের অন্তত ২০ হাজার ভোটারের দাবি, যে প্রার্থী তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন বা উচ্ছেদ ঠেকাবেন, তাঁকেই তাঁরা ভোট দিয়ে মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করবেন। অন্যদিকে সড়কের দক্ষিণ-পূর্ব অংশের আদর্শ গ্রাম, কলাতলী, বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, পাহাড়তলী, খাজামঞ্জিল, বাদশাঘোনা, লারপাড়াসহ ১১টি গ্রামের আরও অন্তত ২০ হাজার ভোটারের দাবি, এসব এলাকার পাহাড় দখল করে অবৈধভাবে বসবাসকারী মিয়ানমারের হাজার হাজার রোহিঙ্গাকে উচ্ছেদ করে সমাজের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। সমাজটাকে মাদকমুক্ত করতে হবে। যাঁরা এসব করতে পারবেন, তাঁকেই তাঁরা ভোট দেবেন। কুতুবদিয়াপাড়ার ভোটার আমির হোসেন (৫৬) বলেন, সমুদ্র উপকূলের উত্তর অংশের এই কয়েকটি গ্রামে ৮০ হাজারের বেশি ভাসমান মানুষের বসবাস। প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে ঘরবাড়ি হারিয়ে তারা আট-নয় বছর ধরে এখানে আশ্রয় নিয়েছে। এখন পার্শ্ববর্তী কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের উন্নয়ন করার জন্য সরকার ৮২৫ একর জমি অধিগ্রহণ করছে। পাশাপাশি যারা ভাসমান অবস্থায় উপকূলের ঝুপড়ি ঘর করে বাস করছে, তাদের উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই এখন তাদের একটাই দাবি, হয় উচ্ছেদ ঠেকাতে হবে, নয়তো অন্য কোথাও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা যিনি করে দেওয়ার প্রতিশ্রুতি দেবেন, তাঁকেই তারা সম্মিলিতভাবে ভোট দেবে। ১৭ জানুয়ারি বিকেলে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মুজিবুর রহমান ফদনারডেইল গ্রামে গণসংযোগে গেলে ভোটাররা তাঁকে ঘিরে ধরে দাবি-দাওয়ার কথা জানান। এ সময় মুজিবুর রহমান ভোটারদের উদ্দেশে বলেন, ‘কেউ আপনাদের এখান থেকে উচ্ছেদ করতে পারবে না। জীবন দিয়ে হলেও আমি এই উচ্ছেদ ঠেকাব। আপনারা আমার পাশে থাকবেন।’ পার্শ্ববর্তী সমিতিপাড়া ও নাজিরারটেক চরে গিয়ে মুজিবুর রহমান বলেন, ‘আপনারা নদীভাঙা, সাগরে বিলীন, দুর্যোগকবলিত ভূমিহীন লোকজন বর্তমানে যে যেভাবে বসবাস করছেন, ভবিষ্যতেও সেভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করা হবে। শুধু আমাকে একবার সুযোগ দিন।’ অন্যদিকে চারদলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী সরওয়ার কামাল ১৯ জানুয়ারি শহরের ঘোনারপাড়া, বাদশাঘোনা, খাজামঞ্জিল গ্রামে গণসংযোগে গেলে তিনি ‘রোহিঙ্গা উচ্ছেদ’ দাবির মুখে পড়েন। এ সময় তিনি ভোটারদের আশ্বাস দেন, মেয়র নির্বাচিত হলে এ দাবি অবশ্যই বাস্তবায়ন করবেন।আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আবদুল খালেক জানান, পর্যটন শহর হলেও এই পৌরসভার কোনো উন্নয়ন অতীতে হয়নি। ক্ষমতায় যাঁরা ছিলেন, তাঁরা উন্নয়নের নামে জনগণের ভাগ্য লুটেপুটে খেয়েছেন। তাঁরা ইচ্ছে করলে ভাসমান লোকজনকে অন্য জায়গায় পুনর্বাসন ও রোহিঙ্গাদের উচ্ছেদ করতে পারতেন। এখন তাঁরা আরেকবার সুযোগ চাইছেন। স্বতন্ত্র একমাত্র নারী মেয়র প্রার্থী রোকসানা পারভিনও একই মত ব্যক্ত করেন।