উত্তরের ১৬ জেলায় আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সরকারের আশ্বাস সত্ত্বেও ছয় দফা দাবির বাস্তবায়ন না করায় আজ রোববার সকাল ছয়টা থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় (রাজশাহী-রংপুর বিভাগ) অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে৷
গতকাল শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক যৌথ সভা থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়৷ বগুড়ার একটি মোটেলে সভাটি অনুষ্ঠিত হয়৷ এর আগে গত বৃহস্পতিবার রাজশাহীতে অনুষ্ঠিত পরিষদের বিভাগীয় কমিটির সভা থেকে দাবি আদায়ে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল৷
ধর্মঘট ডাকাকে কেন্দ্র করে গতকাল শনিবার সাড়ে আটটার দিকে রাজশাহী নগরের রেলগেট এলাকায় ধর্মঘটের পক্ষে প্রচারণা চালানোর সময় মাইক ভাঙচুর করেন অটোরিকশা, নসিমন-করিমনের শ্রমিকেরা৷ পরে বিবদমান দুই পক্ষ রাজশাহী-নওগাঁ সড়কে পাল্টাপাল্টি হামলা চালিয়ে দুটি অটোরিকশা ও চারটি বাস ভাঙচুর করে৷
ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহ আকতারুজ্জামান বলেন, ধর্মঘট চলাকালে সড়ক-মহাসড়কে সব বাস, ট্রাক, পিকআপ, ট্যাংকলরি, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও ইঞ্জিনচালিত যানবাহন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ থাকবে৷ তবে সংবাদপত্র ও সংবাদকর্মীদের গাড়ি ধর্মঘটের আওতামুক্ত থাকবে৷
যৌথ সভায় পরিষদের বিভাগীয় কমিটির আহ্বায়ক ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মুনজুর রহমান, কমিটির যুগ্ম আহ্বায়ক ও বগুড়া েমাটর মালিক গ্রুপের সভাপতি শাহ মোহাম্মদ আকতারুজ্জামান, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল লতিফ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন৷
নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ও বাসমালিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে গতকাল শনিবার সকাল থেকেই রাজশাহী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে৷ একই দাবিতে গত মঙ্গলবার বেলা তিনটা থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ করে ২৯ ঘণ্টার প্রতীকী ধর্মঘট ও সমাবেশ করা হয়৷
ছয় দফা দাবি: এক. নসিমন-করিমন, ভটভটি, পাওয়ার টিলার, ট্রাক্টরসহ সব অবৈধ যান চলাচল বন্ধ করা, দুই. সিএনজিচালিত অটোরিকশা, মাহেন্দ্র, থ্রি-হুইলার, ইমা রুট পারমিট-বহির্ভূত এলাকায় চলাচল ও এসবের রুট পারমিট প্রদান বন্ধ করা, তিন. ইজারাকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলা পর্যায়ে চলাচল বন্ধ করা, চার. ওজন স্কেলের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা, পাঁচ. বিআরটিএর ট্যাক্স টোকেন ও ফিটনেস বাবদ বর্ধিত ফি প্রত্যাহার এবং ছয়. পুলিশি হয়রানি বন্ধ করা৷
প্রসঙ্গত, এসব দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে এ অঞ্চলের পরিবহন মালিক-শ্রমিকদের ওই সংগঠন৷