উত্তরের ১৬ জেলায় পণ্য পরিবহন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় গতকাল রোববার থেকে দুই দিনের পণ্যবাহী যান চলাচল বন্ধ রেখেছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটি।

এদিকে, সিলেটে গতকাল দিনভর ভোগান্তির পর আজ সোমবার বিকেল পর্যন্ত যাত্রীবাহী পরিবহন ধর্মঘট স্থগিত করেছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।

১৩ মে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটির নেতারা প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দিয়ে এই ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন। গতকাল ভোরে সারা দেশ থেকে উত্তরবঙ্গে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে সারা দেশে খাদ্যশস্য ও সবজি পরিবহন বন্ধ রয়েছে।

কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, কাগজপত্র তল্লাশির নামে পণ্য পরিবহনের মালিক-শ্রমিকদের হয়রানি করছে পুলিশ। নানা অজুহাতে শ্রমিকদের কাছ থেকে জরিমানার নামে চাঁদাবাজি করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দারোগার হাটের ওভারলোড কন্ট্রোল স্টেশন স্কেলে ওজন যাচাইয়ের নামে ইচ্ছেমতো চাঁদাবাজি ও শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। যানবাহনের বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক অপসারণের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। অথচ এরই মধ্যে বহু মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সাইড অ্যাঙ্গেল খুলে ট্রাকে পণ্য পরিবহন সম্ভব নয়। আগামীকাল (আজ) পর্যন্ত ধর্মঘট চলবে। পরে কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল সকালে বগুড়া শহরের উপকণ্ঠে মাটিডালি ও বনানী মোড়ে গিয়ে দেখা যায়, শ্রমিকেরা লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। এ দুই মোড়ে অন্তত শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। কয়েক জন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা উত্তরবঙ্গের বিভিন্ন স্থলবন্দর থেকে পণ্য নিয়ে এসেছেন। আবার অনেকে চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে রংপুর, দিনাজপুরসহ অন্য জেলায় যাচ্ছেন। মাঝ রাস্তায় আটকে পড়ে তাঁরা ভোগান্তি পোহাচ্ছেন।

সিলেটে শ্রমিকনেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধসহ পাঁচ দফা দাবিতে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। এর প্রভাব পড়ে সিলেট বিভাগের চার জেলায়। বিকেলের দিকে মহানগর পুলিশের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসনের সঙ্গে শ্রমিকনেতাদের বৈঠক হয়। পরে ধর্মঘট স্থগিত করা হয়। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন বলেন, শ্রমিকদের পাঁচ দফা দাবি নিয়ে আজ বিকেল সাড়ে চারটায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠক হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন।