উত্তরের ১৬ জেলায় হরতালে বিচ্ছিন্ন সংঘর্ষ গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে গতকাল সোমবার রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিএনপির ডাকা হরতাল পালিত হয়েছে। এ ঘটনায় ৩১ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হরতাল চলাকালে দূরপাল্লার গাড়ি চলাচল করেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক নেতাদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, নেতাদের অবরুদ্ধ করে রাখা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরবঙ্গের ১৬ জেলায় হরতাল ডাকে বিএনপি। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঠাকুরগাঁও: হরতাল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি কাঁদানে গ্যাসের শেল ও পাঁচটি রাবার বুলেট ছোড়ে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান জানান, যুবলীগের কর্মীরা পরিকল্পিতভাবে হরতাল-সমর্থকদের মিছিলে হামলা চালিয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, ‘হরতালবিরোধী মিছিলের প্রস্তুতিকালে বিএনপির কর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালালে আমরা তাদের প্রতিহত করি।’জয়পুরহাট: জয়পুরহাটে সকালে জেলা বিএনপির উদ্যোগে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়। একই সময়ে বিএনপির জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তোজামেঞ্চল হোসেনের নেতৃত্বে একটি লাঠি মিছিল বের হয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পৌনে আটটার দিকে তৃপ্তির মোড়ের পশ্চিম দিকে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়। সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিক আলমগীর চৌধুরী গুরুতর আহত হন। সিরাজগঞ্জ: শহরে হরতাল-সমর্থক ও বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। পরে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মো. জুয়েল রানা নামে বিএনপির এক কর্মীকে আটক করে পুলিশ। এর আগে সকালে হরতাল-সমর্থকেরা শহরের এস বি ফজলুল হক রোডে একটি ট্রাক ভাঙচুর করে।জেলার রায়গঞ্জ উপজেলার তবারীপাড়া এলাকায় সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে হরতাল-সমর্থকেরা একটি ট্রাকে আগুন দেয়। এ ঘটনায় ট্রাকচালক মো. স্বাধীন বিএনপির পাঁচ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। বগুড়া: বেলা ১১টার দিকে বগুড়ার জজ আদালতের গহর আলী ভবন চত্বরে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নিরাপত্তা জোরদার করে। তবে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম দাবি করেন, হাতবোমা নয়, চকলেট বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। এর আগে সকালের দিকে বগুড়া শহরতলির এরুলিয়া এলাকায় হরতাল-সমর্থকেরা পত্রিকাবাহী একটি গাড়ি ভাঙচুর করে। নাটোর: দুপুর ১২টার দিকে হরতাল-সমর্থক কয়েকজন যুবক শহরের পশ্চিম বাইপাস এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর পরই তারা শহরের তেবাড়িয়া পালপাড়া এলাকায় দায়িত্বরত পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। প্রায় একই সময় স্টেশন বাজারের একতার মোড়ে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। ভোর সাড়ে ছয়টার দিকে হরতাল-সমর্থকেরা নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় ১০টি ট্রাকে ভাঙচুর চালায়। দুপুর সাড়ে ১২টার দিকে তারা নাটোর স্টেশন বাজার এলাকায় আটটি অটোরিকশা ভাঙচুর করে। চাঁপাইনবাবগঞ্জ: সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে পিকেটিং করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শহরের হুজরাপুর করোনেশন রোডে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে ভাঙচুর চালায় ছাত্রদলের পিকেটাররা।এ ছাড়া রাজশাহী, নীলফামারী, বগুড়ার দুঁপচাচিয়া ও কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়।