
রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যার পানির স্রোতে ভেঙে গেছে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ১৮টি স্থান। ২৩টি স্থানের এক থেকে দুই কিলোমিটার এলাকা এখনো হাঁটুপানির নিচে। ফলে দেশের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
রেল ও সড়কের পাশাপাশি দেশের ২৭টি জেলার গ্রামীণ সড়ক ক্ষতবিক্ষত হয়ে গেছে। ফলে ওই পথগুলো দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। সড়ক বিভাগ, জেলা, উপজেলা প্রশাসন ছাড়াও স্থানীয় মানুষের উদ্যোগে এসব সড়ক যান চলাচলের উপযোগী করার নানা উদ্যোগ চলছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বৃষ্টি না হলে ঈদের আগেই ক্ষতিগ্রস্তÿসড়ক যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হবে। এ জন্য দিনরাত কাজ চলছে।
এদিকে গত শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সারা দেশের রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরা হয়। এতে বলা হয়, সম্পূর্ণ ও আংশিক মিলিয়ে সারা দেশের ৩১৪ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে রাস্তাঘাট দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, ‘এবারের বন্যা অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে। এর ভয়াবহতা ব্যাপক। অনেক ব্রিজ-কালভার্ট নষ্ট হয়েছে। এই ক্ষয়ক্ষতি ঈদের আগে পরিপূর্ণভাবে ঠিক করা চ্যালেঞ্জ। তবে আমরা চেষ্টা করছি। আশা করি, সড়কগুলো যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে। এর মধ্যে যদি অতিবৃষ্টি হয়, তাহলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক না-ও হতে পারে।
গতকাল রোববার মন্ত্রণালয়ের এক সভায় ওবায়দুল কাদের মহাসড়কের ওপর বা পাশে কোরবানির পশুর হাট না বসানো; ফিটনেসবিহীন যানে পশু বহন না করা; ঈদের আগে তিন দিন ট্রাক, লরি, কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। চাপ কমাতে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন দিনে পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দিতেও সরকার থেকে অনুরোধ জানানো হয়েছে। ঈদের আগে ও পরে পাঁচ দিন সড়ক-মহাসড়কসংলগ্ন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে অনুরোধ করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ঈশ্বরদী-ঢাকা রেলপথের টাঙ্গাইল জেলায় রেললাইনের মাটি সরে যাওয়ায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম রেলস্টেশন পর্যন্ত চলাচল করেছে। যাত্রীদের সেতুর পূর্ব পারে নেমে বাসে ঢাকায় যেতে হয়েছে। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।
গতকাল উত্তরাঞ্চল থেকে আন্তনগর ট্রেনের মধ্যে একতা, নীলসাগর, চিত্রা, দ্রুতযান ও লোকাল ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর মধ্যে আন্তনগর ট্রেনগুলো বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে পূর্ব পার পর্যন্ত চলাচল করে। সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে আবার ফিরে এসে পূর্বের স্থানের দিকে চলে যায়।
সব যাত্রী পূর্ব পারে নামার পর বাসযোগে ঢাকায় রওনা হয়। একতা এক্সপ্রেসের যাত্রী নিজাম উদ্দীন, নীলসাগরের যাত্রী হজরত আলী ও চিত্রা একপ্রেসের যাত্রী রইচ উদ্দীন জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সেখানে বাসের সংখ্যা কম থাকায় যাত্রীরা দুর্ভোগের শিকার হন।
উল্লাপাড়া রেলস্টেশনের মাস্টার মো. সামসুল আলম জানান, ট্রেনগুলো বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত গিয়ে আবার ফিরে এসেছে। ঢাকামুখী সব ট্রেনই যাত্রীদের চাপে ভরপুর ছিল। ফেরার সময় ট্রেনগুলো খালি ছিল। রাতে খুলনা থেকে ঢাকামুখী সুন্দরবন ট্রেন যাওয়ার পর ঢাকা থেকে আর কোনো ট্রেন আসেনি।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী রেলসেতুর অ্যাপ্রোচের (সংযোগের) প্রায় ২০ ফুট অংশের মাটি গতকাল ভোরে ধসে যায়। ফলে ওই সময় থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত রেলসেতুর মেরামতকাজ পরিদর্শন করে রেলমন্ত্রী মুজিবুল হক গণমাধ্যমকে বলেন, সোমবারের (আজ) মধ্যে এ পথে ট্রেন চলাচল পুনরায় চালু করা সম্ভব হবে।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক অসিম কুমার তালুকদার জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিহাতীর পৌলী রেলসেতু অতিক্রম করে। এরপরই ওই সেতুর দক্ষিণ পাশের অ্যাপ্রোচের অংশে প্রায় ২০ ফুট অংশের মাটি ধসে যায়। এরপর নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সেতু এলাকায় আসে। স্থানীয় লোকজন এই ধস দেখতে পেয়ে লাল কাপড় উড়িয়ে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে সেতুর উত্তর প্রান্তে থামিয়ে দেন।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, ‘কলমাকান্দা-ঠাকুরাকোনা, নেত্রকোনা-বিরিশিরি, বিরিশিরি-শ্যামগঞ্জ ও বিরিশিরি-শিবগঞ্জ—এই চারটি সড়কে ১১ কিলোমিটার পথ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এখনো দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সঙ্গে জেলাসহ সারা দেশের যান চলাচল বন্ধ আছে। কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আরও চার-পাঁচ দিনের মতো লাগবে।
রেললাইনে পানি ওঠায় ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে ১২ আগস্ট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ এলাকা, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জায়গায় লাইনের ওপর দিয়ে পানির প্রবাহ অব্যাহত থাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার থেকে জামালপুর-তারাকান্দি রেল যোগাযোগও বন্ধ রয়েছে।
এ ছাড়া সড়কপথে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের মহিরামপুর, হাজরাড়ী, বামুনপাড়া গ্রাম ও মিলনবাজারের সামনের অংশ এবং গুনারীতলা সেতু ভেঙে গেছে। ফলে বৃহস্পতিবার থেকে জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ১৬ আগস্ট থেকে বন্ধ রয়েছে জামালপুর-শেরপুর মহাসড়ক।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরের পর থেকে এখন পর্যন্ত গোয়ালন্দ বাজার-দৌলতদিয়া ঘাটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। প্রতিদিন দৌলতদিয়া ঘাট থেকে তিনটি ট্রেন কুষ্টিয়ার পোড়াদহ, রাজশাহী ও খুলনার উদ্দেশে ছেড়ে যেত। ট্রেনগুলো গোয়ালন্দ বাজারে এসে থেমে যাচ্ছে। এখান থেকে ট্রেনের যাত্রীদের বিকল্প উপায়ে সড়কপথে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে হচ্ছে। এদিকে বুধবার সন্ধ্যায় পানির চাপে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাটাখালী ভায়া তেনাপচা আশ্রয়কেন্দ্র পাকা সড়কের তেনাপচার ২০ মিটার অংশ ভেঙে পানি প্রবেশ করলে দেবগ্রামের সঙ্গে ছোটভাকলা ইউনিয়নের যোগাযোগ বন্ধ রয়েছে।
দিনাজপুরের বিরামপুর প্রতিনিধি জানান, বন্যায় উপজেলার ১৫টি স্থানে মহাসড়ক, ১৫৬টি উপজেলা সড়ক এবং ২২৬টি ইউনিয়ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্বতীপুর-দিনাজপুর পথে লাইনের নিচে মাটি সরে যাওয়ায় ১২ আগস্ট থেকে এই পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি জানান, হাতীবান্ধা উপজেলা হাসপাতাল এলাকায় তিস্তা নদীর প্রবল পানির তোড়ে রেললাইনের মাটি ও পাথর সরে গিয়ে ১১০ ফুট দীর্ঘ ও ২২ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ফলে ৯ দিন ধরে কালীগঞ্জের ভোটমারী থেকে পাটগ্রামের বুড়িমারী পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লালমনিরহাট এলজিইডি বিভাগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় ১১৫টি গ্রামীণ সড়কের ১৮৪ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ৫৩টি ব্রিজ/কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।