উত্তাপ আরও বেড়েছে
রোজা শুরুর আগের দিন বাজারে যে উত্তাপ লেগেছিল, তার রেশ কাটেনি রোজা শুরু হওয়ার পরেও। গতকাল মঙ্গলবারও চড়া দামে বিক্রি হয়েছে রমজানের অপরিহার্য ছোলাসহ অন্য সব নিত্যপণ্য।বাজার ঘুরে দেখা গেছে, সোমবারের কাঁচাবাজারের সঙ্গে গতকালের বাজার খুব একটা বাড়েনি। তবে বিক্রেতারা যে দামে সবজি বিক্রি করছেন, সেটা অন্য যেকোনো সময়ের চেয়ে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি।রাজধানীর কাঁচাবাজারগুলোতে সব ধরনের সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। যেমন—আলু ১৫ থেকে ১৬ টাকা, টমেটো ৭০, বেগুন মানভেদে ৪০ থেকে ৫০, শসা ৪০ থেকে ৫০, কাঁকরোল ৩৫ থেকে ৪০, করলা ৫০, পটোল ৩৫, বরবটি ৩৫, ঢ্যাঁড়স ৩৫ থেকে ৪০, কচুমুখি ২৫, চিচিঙা ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম গতকালও ছিল বেশি। বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। গন্ধ লেবু (এলাচি) ২০ ও ছোট কাগজি লেবু ১৫ টাকা হালি।গতকাল পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। এর মধ্যে দেশি পেঁয়াজ সর্বোচ্চ ৪০ আর ভারতের পেঁয়াজ ৩৪ টাকা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিনে পাইকারি বাজারেই পেঁয়াজের দাম বেড়েছে তিন থেকে চার টাকা।পাইকারি বাজারে বৃদ্ধির অজুহাতে খুচরা দোকানগুলোতে এখনো ছোলা বিক্রি হচ্ছে চড়া দামে। সাধারণ মানের ছোলার পাইকারি দর ৬৩ থেকে ৬৪ টাকা কেজি। আর একটু উন্নত মানের ছোলা বিক্রি হচ্ছে ৮৩ থেকে ৮৫ টাকায়। তবে খুচরা বাজারে সাধারণ মানের ছোলা ৭০ এবং উন্নত মানের ছোলা ৮৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।রোজার প্রথম দিনে মুড়ির দামও বেড়েছে। মেশিনে বানানো মুড়ি ৫৫ থেকে ৬০, আর হাতে ভাজা প্যাকেট মুড়ির দাম ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেড়েছে খেজুরের দরও।মৌলভীবাজারে চিনির সংকট কিছুটা কাটলেও রাজধানীর কিছু স্থানে এখনো ৭০ টাকা কেজিতে চিনি বিক্রি হচ্ছেন।