উত্তাপ কমছে কাঁচাবাজারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সবজির বড় পাইকারি হাট বিয়াজউদ্দিন বাজারে প্রতিটি দোকানে টানানো রয়েছে মূল্যতালিকা। দামেও হেরফের নেই। পাইকারির সঙ্গে খুচরার ব্যবধান খুব বেশি নয়। অথচ এই একই বাজারে রোজার শুরুতে দাম বাড়ানো নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে। এক সপ্তাহ আগের ৪০ টাকার কাঁচামরিচ এক লাফে এক শ হয়ে যায়। ৩৫ টাকার শসা ঠেকে ৮০ টাকায়। বেগুনসহ অন্যান্য সবজির দাম ছাড়িয়ে যায় ৬০-এর কোঠা।
তবে শুরুর সেই উত্তাপ এখন নেই। জেলা প্রশাসনের বাজার তদারকির প্রভাব পড়েছে এখানে। কমে এসেছে পণ্যমূল্য। একই অবস্থা নগরের অন্যান্য বাজারেও।
জেলা প্রশাসন সূত্র জানায়, রমজান শুরুর আগে থেকে সবজি ও নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রীর দাম বাড়তে শুরু করে। বিশেষ করে বেগুন, কাঁচা মরিচ, শসা, পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে জেলা প্রশাসন। পরে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত নেওয়া। বিভিন্ন বাজারে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
কারসাজি করে দাম বাড়ানোর অপরাধে রমজানের শুরুর দিকে রিয়াজউদ্দিন বাজার থেকে তিন ব্যবসায়ীকে জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। সেদিন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিয়েছেন খোদ জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এই ধারাবাহিকতায় বিভিন্ন বাজারে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এখন বাজারে অনেকটা স্থিতিশীলতা এসেছে বলে দাবি করছে প্রশাসন। বাজার ঘুরেও এর সত্যতা পাওয়া গেছে। এখন পাইকারি বাজারে কাঁচা মরিচ কেজিপ্রতি ৩০ টাকা এবং খুচরা বাজারে তা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে শসা ৪০, বেগুন ৫০ ও অন্যান্য সবজি ৫০ টাকার নিচে রয়েছে। অবশ্য খুচরায় বাজার ভেদে দামের হেরফের এখনো রয়ে গেছে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘বাজার তদারকি যথেষ্ট কাজ দিয়েছে। ইতিমধ্যে দ্রব্যমূল্য কমেছে। এ ছাড়া ক্রেতা–বিক্রেতা উভয়ই সচেতন হচ্ছেন। বাজার তদারকি অব্যাহত থাকবে। প্রতিদিন দুই থেকে চারজন ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ আদালত চলছে।’
সরেজমিনে রিয়াজউদ্দিন বাজার, দুই নম্বর গেট কর্ণফুলী মার্কেট, বহদ্দারহাট, চকবাজার ও আগ্রাবাদের চৌমুহনী বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারের দোকানে এখন দ্রব্যমূল্যের তালিকা টানানো হয়েছে। পাশাপাশি আড়ত এবং খুচরা বাজারে দ্রব্যমূল্যের ব্যবধান কমেছে।
রিয়াজউদ্দিন বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সালমান আহমেদ (৩২) বলেন, অভিযানের কারণে বাজার কিছুটা ভালো হয়েছে। রমজানের শুরুতে এটাকে তারা (বিক্রেতারা) মগের মুল্লুকে পরিণত করেছিল।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শুধু কাঁচাবাজার নয়, অভিযান অব্যাহত রয়েছে ফলের বাজার এবং সয়াবিন তেল, সেমাই, মুড়ি, চালের মিলসহ বিভিন্ন কারখানায়ও। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফরমালিনের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।