উত্তাপ না থাকলে ভালো লাগে না: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম (ফাইল ছবি)
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম (ফাইল ছবি)

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের সংস্কৃতিতেই এ রকম আছে যে আমরা রাজনীতি ছাড়াই মারামারি, উত্তপ্ত-গরম বাক্যবিনিময় করতে অভ্যস্ত। আর যখন তফসিল ঘোষণা করা হয়, তখন আরেকটু গরম হয়ে যায়। আর উত্তাপ না থাকলে ভালো লাগে না।’

নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি সকাল সাড়ে ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে ‘নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা’ বিষয়ক সচেতনতা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। নির্বাচন কমিশনের আয়োজনে এ কর্মশালায় আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার নূর উর রহমান এবং রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম আবদুল কাদের।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আসলে একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড কার জন্য? আপনি যদি ভোটারদের কথা বলেন, নির্বাচনে কিন্তু ভোটাররাই আসল। ভোটারদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড কতটা, আপনারা চিন্তাও করতে পারবেন না।’

রফিকুল ইসলাম বলেন, ‘একমাত্র বাংলাদেশই দাবি করতে পারে, এখানে সব মানুষকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার মতো পরিস্থিতি (কন্ডিশন) সৃষ্টি করা হয়েছে। তারা যাকে খুশি তাকে ভোট দিতে পারে, ভোট দিতে যেতে পারে, নির্ভয়ে ভোট দিয়ে ফিরে আসতে পারে। তবে যদি প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেন, তাদের জন্য সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। হয়তো লুকিয়ে-চুরিয়ে কেউ বেশি খরচ করতে পারে। আবার অনেক প্রার্থী আছে, যাদের ১০ লাখ টাকার বেশি খরচের ক্ষমতা নেই। তাদের তো ২৫ লাখ টাকা দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারব না।’

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম আরও বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়ের আগেই আধাসামরিক বাহিনী ও বিজিবি নামিয়েছি। সেনাবাহিনীও নামতে যাচ্ছে।’ সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচারিক ক্ষমতা কারও নাই। পুলিশের নাই, র‌্যাবের নাই, সেনাবাহিনীর নাই, কারও নাই। যার হাতে অস্ত্র থাকে, তার কিন্তু বিচারিক ক্ষমতা থাকে না। কারণ এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে স্ববিরোধী।’

রফিকুল ইসলাম বলেন, ‘বিচারিক ক্ষমতা নিয়ে কেউ থাকে না। যদি কোনো অঘটন ঘটে, তাহলে সেনাবাহিনী যেমন যেকোনো লোককে গ্রেপ্তার করতে পারে, সহিংস ঘটনা ঘটলে তারা গুলিও চালাতে পারে। প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নির্দেশনা নিতে পারে। আর জীবন ও জানমালের রক্ষার জন্য এমনিতেই তারা গুলি চালাতে পারে, গ্রেপ্তার করতে পারে। এখনে বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় না।’

আদালতের নির্দেশে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপির পুনঃ তফসিল দাবির প্রসঙ্গে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি নতুন পরিস্থিতি। কেউ মারা গেলে পুনঃ তফসিল করার বিধান আছে। যেমনটি গাইবান্ধার পলাশবাড়িতে হয়েছে। সেখানে অবশ্যই আমরা পুনঃ তফসিল করব। তবে মাননীয় আদালত যেহেতু প্রার্থিতা বাতিল করেছেন, তাই এ বিষয়ে আমাদের আইনি বিষয় খতিয়ে দেখতে হবে। আমরা ঢাকায় গিয়ে একত্রে বসে, চিন্তাভাবনা করে সবার জন্য সুন্দর পরিবেশ, সুযোগের ব্যবস্থা করা হবে। এ জন্য আইনি বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।’