উত্তাল ঢেউয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল ব্যাহত
সাগরে উত্তাল ঢেউয়ের কারণে চট্টগ্রাম বন্দর জেটিতে গতকাল সোমবার একটি জাহাজও ভিড়তে পারেনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল জোয়ারের সময় বন্দরের জেটিতে ছয়টি জাহাজ ভিড়ার কথা ছিল। এদিকে ঢেউয়ের তোড়ে দুপুরে বহির্নোঙরে একটি স্ক্র্যাপ ট্যাংকার লবণবাহী একটি জাহাজকে ধাক্কা দিলে লবণ বোঝাই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।বন্দর সূত্রে জানা গেছে, জেটিতে জাহাজ ভেড়াতে দুপুরে জোয়ারের সময় বন্দরের নিজস্ব পাইলটরা পাইলট জাহাজ নিয়ে রওনা হন। উত্তাল ঢেউয়ের কারণে পাইলটরা সাগরে যেতে পারেননি। যে ছয়টি জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে পারেনি, সেগুলোর মধ্যে দুটি চালবাহী, দুটি সাধারণ আমদানি, একটি কনটেইনার এবং একটি গাড়ির জাহাজ রয়েছে। ঢেউয়ের তোড়ে স্ক্র্যাপ জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লবণবাহী জাহাজ এমভি সান্তা সুরিয়ার ক্ষয়ক্ষতি নিরুপণ করা যায়নি। এমভি সান্তা সুরিয়া জাহাজের স্থানীয় প্রতিনিধি সি কম শিপিং লিমিটেডের পরিচালক জহুর আহমদ প্রথম আলোকে বলেন, হঠাৎ করেই বহির্নোঙরের বি অ্যাঙ্করেজ থেকে ‘এমটি হে’ নামের স্ক্র্যাপ ট্যাংকার সান্তা সুরিয়াকে ধাক্কা মারে। এতে সান্তা সুরিয়া জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।