উত্তাল পদ্মায় অবৈধ ট্রলার ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে উত্তাল পদ্মায় ফিটনেসহীন ট্রলারে যাত্রী পারাপার করা হচ্ছে। এ পথে যাত্রী পারাপারের জন্য বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন লঞ্চ চললেও স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই প্রায় অর্ধশত ট্রলারে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার করছে।অনভিজ্ঞ মাঝিচালিত এসব ট্রলারে চেপে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে তিন কিলোমিটার পথ পার হচ্ছে। যাত্রীদের জীবনরক্ষাকারী বয়া ও প্রয়োজনীয় উপকরণও এসব ট্রলারে নেই।গত মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ঘাট থেকে একটি ট্রলার শতাধিক যাত্রী নিয়ে রওনা হয়। মাঝপথে ইঞ্জিন নষ্ট হয়ে গেলে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ে ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হয়। পরে পুলিশের সহযোগিতায় সেটি উদ্ধার করা হয়।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ট্রলারের মালিকেরা দৌলতদিয়া-পাটুরিয়া পথে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছেন। ফলে মাঝেমধ্যেই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। প্রশাসনের সামনে কীভাবে এসব ট্রলার চলাচল করছে, তা বোধগম্য নয়।ট্রলারের যাত্রী আবুল মিয়া (৩২) জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে ট্রলারে এ পথে পার হচ্ছি। মাঝেমধ্যেই নদীর মাঝখানে ইঞ্জিন নষ্ট হয়ে যাত্রীদের দুর্ভোগে ফেলে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক এবং বন্দর ও পরিবহন কর্মকর্তা গোলাম মোস্তফা গত শনিবার বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া ও দৌলতদিয়া-কাজীরহাট নৌপথে ট্রলার-চলাচল নিষিদ্ধ। দুর্ঘটনা এড়াতে ঈদের এক সপ্তাহ আগে রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনার পুলিশ সুপারদের বরাবর ওই দুটি পথে ট্রলার-চলাচল বন্ধ করতে চিঠি পাঠিয়েছিলাম। তাতে কোনো কাজ হয়নি।’রাজবাড়ীর পুলিশ সুপার এস এম আইনুল বারী বলেন, ‘বিআইডব্লিউটিএর কোনো চিঠি পাইনি। ট্রলার যাতে চলাচল করতে না পারে, সে জন্য আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। তার পরও গোয়ালন্দ থানার ওসিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ট্রলার চলাচল বন্ধ করতে বলে দিচ্ছি।’