প্রজন্ম চত্বরের পাশেই ২৫-৩০ জন ছাত্রছাত্রীর একটি দল। হলিক্রস কলেজের ছাত্রী অদিতি হোসেন স্লোগান দিচ্ছেন, বাকিরা গলা মেলাচ্ছে। গলা মেলানোর দলে বেশির ভাগই ছেলে। তারা এসেছে কামরাঙ্গীরচরের একটি স্কুল থেকে। যাঁরা শুরু থেকে এ আন্দোলনের সঙ্গে আছেন, তাঁরা বলছেন, উত্তাল শাহবাগ চত্বর অনেক কিছুর সঙ্গে জন্ম দিয়েছে উজ্জ্বল কিছু নারী চরিত্রের। প্রজন্ম চত্বরে আসা কেউ কেউ গতকাল সোমবার বলেছেন, নারীদের এই অংশগ্রহণ তাঁদের নিয়ে গেছে সেই একাত্তরে, যখন বাংলার মা-মেয়েরা সবাই ছিলেন মুক্তিযোদ্ধা। সমবেত এই নারীদের কেউ মনে করিয়ে দিয়েছেন জাহানারা ইমামকে, কারও কোলে খেলা করে শহীদ রুমি, বাদল কিংবা আজাদ। মিরপুর কমার্স কলেজের বাংলার শিক্ষক সাজাহান সাকিদার প্রথম আলোকে বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনে, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের উত্তরসূরি এই নারীরা। নারীদের এই রূপ স্বাধীনতার পর আর দেখা যায়নি। আইনজীবী আবু হাসনাত বলেন, গোটা জমায়েত একজন লাকী আক্তার, একজন অদিতি, একজন নাহিদার কথায় উজ্জীবিত হচ্ছে। এটা উৎসাহজনক।নারীদের সবাই যে স্লোগান দিচ্ছেন তা নয়, কেউ খাবার বেড়ে দিচ্ছেন, কেউ চিকিৎসাসেবা দিচ্ছেন। কেউ বা সন্তান নিয়ে এসেছেন রাজাকারদের চেনাতে। সমাবেশে নানা বয়সী নারীর যেমন ভিড়, তেমনি তাঁদের ভূমিকাও আলাদা আলাদা। বেলা একটার দিকে আজিজ সুপার মার্কেটের দিক থেকে বেশ তড়িঘড়ি করে সমাবেশে আসছিলেন কাকলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মুর্শেদা আনার। কেন এসেছেন জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন রাখেন, ‘কেন আসব না? আমি তো সবাইকে ফোন করছি সমাবেশে আসতে।’ যুদ্ধের সময় কুড়িগ্রাম শহর থেকে ভূরুঙ্গামারী যাওয়ার পথে পায়ে আঘাত পেয়েছিলেন এই নারী। সপ্তম শ্রেণীতে পড়া ছেলেকে প্রজন্ম চত্বরে রেখে একটু দূরে দাঁড়িয়ে ছিলেন মাকসুদা খলিল। বললেন, ‘ফাঁসির দাবিতে ৪২ বছর পার হয়ে গেছে, আর কত?’ মুক্তিযুদ্ধের সময় অদিতির দাদি বড় ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন। হলিক্রস কলেজের ছাত্রী অদিতি হোসেন এ কথা উল্লেখ করে বললেন, ‘স্বাধীনতার জন্য তখনকার মায়েরা ছেলেদের উৎসর্গ করেছেন, আর মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে আমি শাহবাগে আসব না কেন?’