উত্তাল সাগরে ১৭ জেলেসহ ট্রলার ডুবি
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কারণে এফবি শুকতারা-২ নামের একটি মাছ ধরা ট্রলার ১৭ জন জেলেসহ ডুবে গেছে।
আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। দুই ঘণ্টা চেষ্টার পর মাছ ধরা আরেকটি ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলারটির ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রলারটি এখনো উদ্ধার করা যায়নি।
উদ্ধার হওয়া জেলেরা হলেন মাঝি কবির হোসেন, জেলে বাবুল হোসেন, সবুজ মিয়া, মুজাম্মেল হোসেন, মো. হজরত আলী, মো. আবদুর রহিম, আবু হানিফ, সিদ্দিকুর রহমান, আবদুল হান্নান, মোতাচ্ছের আলী, মিজান হোসেন, তোতা মিয়া, হারুন অর রশিদ, জবেদ আলী, মাহিদুল ইসলাম, নুর ইসলাম ও আবদুস সালাম।
ডুবে যাওয়া এফবি শুকতারা-২ ট্রলারের মালিক মো. জয়নাল আকন বলেন, সাগর প্রচণ্ড উত্তাল থাকায় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ডুবে যাওয়া ট্রলারের মাঝি মো. কবির হোসেন বলেন, আজ দুপুরে মাছ ধরার সময় সাগর হঠাৎ করে উত্তাল হয়ে ওঠে। তড়িঘড়ি করে তীরে ফেরার সময় উত্তাল ঢেউয়ের মাঝে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় সাগরে মাছ ধরা আরেকটি ট্রলার ঘটনা দেখে দ্রুত এগিয়ে এসে জেলেদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলে সিদ্দিকুর রহমান বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে জেলেরা বাড়ি ফিরে গেছেন।