উত্তাল সাগরে ৪২ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দামান সাগরে ঝাঁপ দেওয়ার পর থেকেই পাহাড়সমান ঢেউয়ের মুখে পড়েছি বারবার। দুর্ঘটনার পর কাছাকাছি থাকা এমভি বাক্সমুন জাহাজ দেখে তাতে উঠতে গিয়ে ধাক্কা লেগে হাত-পায়ে আঘাত পেয়েছি। হেলিকপ্টারগুলোও উল্টো দিকে চক্কর দিয়ে চলে যাচ্ছিল। দূরে সরে যাচ্ছিল উদ্ধারকারী জাহাজও। ধরেই নিয়েছিলাম, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ২৫-৩০ ঘণ্টা পর একবার মনে হচ্ছিল, লাইফ জ্যাকেট খুলে ঢেউয়ের কাছে নিজেকে সঁপে দিই। শরীরটা নিস্তেজ হয়ে পড়ার শেষ মুহূর্তে দেখি, এগিয়ে আসছে থাই নৌবাহিনীর একটি জাহাজ।’

এভাবেই সাগরে ৪২ ঘণ্টা মরণপণ লড়াইয়ের বর্ণনা দিচ্ছিলেন এমভি হোপ দুর্ঘটনা থেকে বেঁচে আসা নাবিক মো. মোবারক হোসেন। দুর্ঘটনার পর গতকাল শুক্রবার রাতে থাইল্যান্ড থেকে নগরের আগ্রাবাদের চৌমুহনী এলাকায় নিজ বাসায় ফেরেন তিনি। এ সময় স্বজনেরা আনন্দে কেঁদে ফেলেন।

৪ জুলাই আন্দামান সাগরে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশি মালিকানাধীন এমভি হোপ জাহাজ। দুর্ঘটনার পর জাহাজের নয়জন নাবিককে জীবিত এবং দুজনকে মৃত উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছেন জাহাজের ক্যাপ্টেনসহ ছয়জন নাবিক। উদ্ধার হওয়া নাবিকদের সবাই দেশে ফিরে এসেছেন। সবশেষে ফিরলেন জাহাজের দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসেন।

গতকাল নিজ বাসায় মোবারক হোসেন বলেন, ‘এমভি হোপ জাহাজটি পরিত্যক্ত ঘোষণার পর সবাই লাইফ র‌্যাফট লক্ষ্য করে ঝাঁপ দিই সাগরে। আমি লাইফ র‌্যাফটের কাছাকাছি যাই। ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার লাইফ র‌্যাফট থেকে হাত বাড়িয়ে দিয়েছিলেন আমার দিকে। কিন্তু সাগরের স্রোতে দূরে চলে যাই।’

মোবারক হোসেন বলেন, ‘প্রায় দেড় ঘণ্টা পর সহকর্মী রায়েক ফাইরুজকে দেখে দুজন একসঙ্গে ভাসতে থাকি। সাগরে ঝাঁপ দেওয়ার আগের দিন ঘুমাইনি। রায়েককে ধরে পানিতে কিছুক্ষণ ঘুমিয়েও নিয়েছিলাম। তখন সে ঢেউয়ের মোকাবিলা করেছে। আবার সে ঘুমানোর সময় আমি তাকে ধরে ঢেউয়ের মোকাবিলা করি। দুজনেই তীরের দিকে সাঁতরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সাগরের নিচে উল্টো স্রোত আমাদের দূরে সরিয়ে নেয়।’

প্রায় ৪২ ঘণ্টা সাগরে যুদ্ধ করার সময় নিখোঁজ নাবিক আলী হোসেনের লাশ ভাসতে দেখেছেন তিনি। উদ্ধার হওয়ার এক দিন আগে দুজনকে ভেসে যেতে দেখেছেন। একজন মৃত, আরেকজন জীবিত। জীবিত নাবিককে শনাক্ত করতে না পারলেও সাহায্যের জন্য চিৎকার করতে শুনেছিলেন। শুনতে পেলেও কিছুই করার ছিল না তখন।

দুর্ঘটনার ৪২ ঘণ্টা পর যখন থাই নৌবাহিনী তাঁকে উদ্ধার করে, তখন অনেকটা নিস্তেজ হয়ে পড়েছিলেন মোবারক হোসেন। প্রায় ১৯ দিন থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছেন তিনি।