উত্তীর্ণ তিন প্রতিবন্ধীর কেউই নিয়োগ পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতিবন্ধী কোটা মানা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তিনজন প্রতিবন্ধী প্রার্থীর একজনও নিয়োগ পাননি। এ ব্যাপারে এস এম আবদুল্লাহ আল মামুন নামের শারীরিক প্রতিবন্ধী এক প্রার্থী শিক্ষামন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।সৈয়দপুর পৌর শহরের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন জানান, তিনি স্নাতকোত্তর পাস করেছেন। ২০১২ সালের অক্টোবরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে লিখিত পরীক্ষায় কয়েক শ প্রার্থীর মধ্যে থেকে ৮৮ জন উত্তীর্ণ হন। তিনিসহ তিনজন প্রতিবন্ধী প্রার্থী ওই পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তাঁরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। ৩ জুন চূড়ান্ত ফলাফলে কোনো প্রতিবন্ধী প্রার্থীকেই উত্তীর্ণ দেখানো হয়নি।মামুন জানান, তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের সন্তান। তাঁর ক্ষেত্রে পোষ্য কোটাও মানা হয়নি। তিনি অভিযোগ করেন, নীলফামারী জেলা প্রশাসনের কার্যালয়ে যখন তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়, তখন ইন্টারভিউ বোর্ড তাঁকে প্রশ্ন করে, ‘আপনি কী ব্লাকবোর্ডে লিখতে পারবেন?’ প্রশ্নটি শুনে বিব্রত হন তিনি। তাঁর ভাষ্য, এ ধরনের প্রশ্নের অর্থ হলো প্রতিবন্ধীদের মানসিকভাবে আঘাত করা।জানতে চাইলে নিয়োগ পরীক্ষার সাক্ষাৎকার বোর্ডের প্রধান নীলফামারী জেলা প্রশাসক এস এম মাহফুজুল হক বলেন, ‘আমি নীলফামারীতে নতুন এসেছি। এর আগেই ওই পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভাতে ডাকা হয়। যাঁরা ভালো করেছেন, তাঁদেরই আমরা ভালো নম্বর দিয়েছি। প্রতিবন্ধী তথা পোষ্য কোটা পূরণের বিষয়টি দেখার কথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। কেননা চূড়ান্ত ফল ঘোষণা করেছে তারাই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক রেজা ইউসুফ লিখিত পরীক্ষায় তিনজন প্রতিবন্ধী প্রার্থী উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেছেন। তবে কেন চূড়ান্ত উত্তীর্ণ তালিকায় তাঁদের নাম আসেনি জানতে চাইলে তিনি এর উত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘পেশাগত কাজে ঢাকায় আছি, ফলাফল না দেখে কিছুই বলা যাবে না। প্রতিবন্ধীদের জন্য ১০ শতাংশ কোটা রয়েছে। বিধি অনুযায়ী প্রতিবন্ধী কোটা পূরণ করতেই হবে। যদি পূরণ না হয়, তবে ওই পদটি শূন্য থাকার কথা।’