উত্তীর্ণ প্রার্থীদের বেশির ভাগই চাকরি পাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে প্রথম শ্রেণীর নন-ক্যাডারের চাকরি প্রত্যাশীদের বেশির ভাগই শেষ পর্যন্ত চাকরিবঞ্চিত হবেন—এমন আশঙ্কা করে পিএসসি বলছে, মন্ত্রণালয়গুলো থেকে চাহিদা না আসায় উত্তীর্ণদের সবাইকে শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া যাবে না। তবে ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে নিয়োগপ্রক্রিয়া চলবে। এ সময় পর্যন্ত যত চাহিদা আসবে তার বিপরীতেই কেবল নিয়োগ দেওয়া হবে।গত ৩ জুন ২৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট পাঁচ হাজার ১০৫ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাঁদের মধ্য থেকে দুই হাজার ১৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। বাকি দুই হাজার ৯১৫ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে বলে সে সময় জানানো হয়। কথা ছিল পদ খালি থাকা সাপেক্ষে তাঁরা নিয়োগ পাবেন। ফলে নন-ক্যাডারে উত্তীর্ণরা একটা চাকরি অন্তত পাবেন সেই আশা করেছিলেন।পিএসসি সচিবালয় সূত্রে জানা গেছে, নন-ক্যাডারে নিয়োগের জন্য ২৮ জুন থেকে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আবেদনপত্র বিতরণ শুরু হয়। ১৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত প্রার্থীদের আবেদনপত্র জমা নেওয়া হয়। উত্তীর্ণদের বেশির ভাগই নন-ক্যাডার পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন।পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে প্রায় দুই হাজার ৭০০ প্রার্থী নন-ক্যাডারে নিয়োগের জন্য আবেদন করেছেন। কিন্তু মন্ত্রণালয় থেকে তাঁদের কাছে মাত্র ২০০ পদের নিয়োগের জন্য চাহিদাপত্র এসেছে। কাজেই এ মুহূর্তে ২০০ পদেই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বেশির ভাগ পদই প্রকৌশলীর। কাজেই প্রকৌশলী যারা নন-ক্যাডারে আছেন তাঁরা সবাই হয়তো চাকরি পাবেন। কিন্তু বাকিদের সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।উত্তীর্ণ প্রার্থীরা কি তাহলে চাকরি পাবেন না? এমন প্রশ্নের জবাবে পিএসসির চেয়ারম্যান বলেন, পদ না থাকলে তো নিয়োগ দেওয়া সম্ভব নয়। তবে ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে নিয়োগপ্রক্রিয়া চলবে। পিএসসি প্রার্থীদের একটি চূড়ান্ত তালিকা করে রাখবে। সে সময় পর্যন্ত যত চাহিদা আসবে তত পদে নিয়োগ দেওয়া হবে। সংস্থাপন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, মন্ত্রণালয়গুলোতে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে এ মুহূর্তে কতটি পদ শূন্য আছে তার সর্বশেষ হিসাব মন্ত্রণালয়ে নেই। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এ মুহূর্তে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রথম শ্রেণীর নন-ক্যাডারের তিন হাজার ৭৭টি পদ খালি আছে। এ সংখ্যা হাজার দশেকও হতে পারে। সংস্থাপন মন্ত্রণালয় এ বছরের ১০ মে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০-এর প্রজ্ঞাপন জারি করে। ফলে বিসিএস পরীক্ষায় ক্যাডার সার্ভিসের জন্য নির্ধারিত শূন্যপদ পূরণের পর মেধাক্রম অনুসারে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার বিধিগত বাধা দূর হয়।পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন প্রথম আলোকে বলেছিলেন, একটি বিসিএস পরীক্ষায় আট থেকে দশ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়। কিন্তু দুই-আড়াই হাজার পদ থাকে বলে উত্তীর্ণদের বড় অংশই চাকরি পান না। এ কারণে পিএসসি নন-ক্যাডার বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছিল।নন-ক্যাডার পদে নিয়োগের বিধিমালায় বলা হয়েছে, বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনে নন-ক্যাডার শূন্যপদের বিবরণ ও সংখ্যা উল্লেখ থাকবে। নন-ক্যাডার শূন্যপদের ৫০ শতাংশ পদ বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। এ ক্ষেত্রে নন-ক্যাডার নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে। তবে এখনো শূন্যপদের সংখ্যা বলা হয়নি। ফলে ২৮, ২৯ ও ৩০তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কতজন নন-ক্যাডারে নিয়োগ পাবেন সে ব্যাপারে পিএসসির কাছে এখন কোনো তথ্য নেই।