উত্তীর্ণ হয়েও ভর্তি হতে পারছেন না জয়নব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়নব আক্তার। পিতা জয়নাল আবেদীন। মায়ের নাম আলেয়া আক্তার। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে (নিবন্ধনপত্র) লিঙ্গের ঘরে নারীর স্থলে ভুলে পুরুষ লেখা হওয়ায় জয়নব ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সম্মান শ্রেণিতে ভর্তি হতে পারছেন না।
বিড়ম্বনার শিকার মেয়েটি জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাসের পরও বিষয়টি তাঁর নজরে আসেনি। উচ্চমাধ্যমিক পাস করে জয়নব ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজে সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হলেও আসন না থাকায় তিনি ওই কলেজে ভর্তি হতে পারেননি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ওই শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেকোনো কলেজে আসন শূন্য থাকলে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন। সখীপুর আবাসিক মহিলা কলেজে আসন শূন্য থাকার সুযোগে ভর্তি হতে এসে বিপাকে পড়েছেন ওই শিক্ষার্থী। মহিলা কলেজ হওয়ায় কাগজপত্রে পুরুষ থাকায় জয়নব সখীপুর আবাসিক মহিলা কলেজে হিসাববিজ্ঞান বিভাগে সম্মান শ্রেণিতে ভর্তি হতে পারছেন না।
মেয়েটির বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার তামাইট গ্রামে। তাঁর বাবা জয়নাল আবেদীন জানান, গত ১ মার্চ জয়নব প্রথম জানতে পারেন তাঁর কাগজপত্রে পুরুষ লেখা আছে। এই ভুল সংশোধনে বোর্ডে দৌড়ঝাঁপ করতে গিয়ে মেয়ের ভর্তির আবেদনের সময় শেষ হয়ে যাচ্ছে।
সখীপুর আবাসিক মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এম ওয়াজেদ আলী বলেন, ২৫ মার্চের আগে তাঁকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নারী হিসেবে কাগজপত্র ঠিক করে আনতে হবে। তা না হলে ওই মেয়েটি সম্মান শ্রেণিতে ভর্তির সুযোগ হারিয়ে ফেলবেন। জয়নব আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। আমার সব কাগজপত্রে ‘ফিমেলের’ ঘরে ‘মেল’ লেখা তা আমি জানতাম না।