২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ৮২ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সংস্থাপন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এই গেজেট প্রকাশ করা হয়।গেজেটে বলা হয়েছে, নিয়োগ পাওয়া ব্যক্তিদের আগামী ১ ডিসেম্বর থেকে কাজে যোগ দিতে হবে। ওই দিন কেউ কাজে যোগ না দিলে তিনি চাকরি করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে। নিয়োগ পাওয়া এই কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী ১১০০০-৪৯০দ্ধ৭-১৪৪৩০-ইবি ৫৪০দ্ধ১১-২০৩৭০ বেতন পাবেন। ২৮তম বিসিএসের মেধাক্রম এবং প্রচলিত নিয়ম অনুযায়ী তাঁদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের যোগদানের সময় ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সাক্ষ্য দিয়ে বলতে হবে, তিনি নিজের বা পরিবারের সদস্যদের জন্য যৌতুক দেবেন না বা নেবেন না।২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয় এ বছরের ৩ জুন। এতে মোট পাঁচ হাজার ১০৫ জন উত্তীর্ণ হলেও দুই হাজার ১৯০ জনকে ক্যাডার পদে চাকরির জন্য সুপারিশ করা হয়।সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ জানান, সরকারি কর্মকমিশন (পিএসসি) দুই হাজার ১৯০ জনকে নিয়োগের সুপারিশ করেছিল। তবে তাঁদের মধ্যে ৪৪ জনের স্বাস্থ্য পরীক্ষার সনদ পাওয়া যায়নি। এ ছাড়া ৬৪ জনের পুলিশ ছাড়পত্র, সনদ না আসা এবং মামলা থাকায় তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরে এসব মামলা নিষ্পত্তি হলে ও পুলিশ ছাড়পত্র এলে পর্যায়ক্রমে তাঁদের নিয়োগ দেওয়া হবে।এবার স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ৭০৬ জন। প্রশাসন ক্যাডারে সহকারী সচিব পদে নিয়োগ পেয়েছেন ১৮৪ জন। পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ পেয়েছেন ১৮৩ জন এবং কৃষি ক্যাডারে নিয়োগ পেয়েছেন ১১৬ জন।