যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যখন ভরসন্ধ্যা, তখন বাংলাদেশে আড়মোড়া ভেঙে শুরু হয় নতুন সকাল। আজকের সেই নতুন সকালে ঘোষণা হওয়ার কথা ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম। আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠান শুরু হওয়ার কথা।
অনুষ্ঠানটি সরাসরি বিশ্বের দুই শতাধিক দেশের মানুষ দেখবে বলে জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। তারা ধারণা করছে, এ বছর বিশ্বজুড়ে এ অনুষ্ঠান যারা দেখবে, তাদের সংখ্যা বিগত বছরগুলোকে ছাড়িয়ে যেতে পারে। কারণ এ বছরের অস্কার আসরে চলচ্চিত্র ছাড়াও উত্তাপ ছড়িয়েছে বিশ্বরাজনীতি, বর্ণবৈষম্য ও অভিবাসী ইস্যু। তাই এবারের অস্কার নিয়ে সবার আগ্রহ কিঞ্চিৎ বেশি।
গেল বছরের অস্কার আসর বর্ণবৈষম্যের বিতর্কে জড়িয়ে পড়ার পর এবারের অস্কার একেবারেই বিপরীত কারণে হয়েছে আলোচিত। শুধু অভিনয়ের চারটি বিভাগেই মনোনীত হয়েছেন ৭ জন কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পী। এর আগে অভিনয়সংক্রান্ত প্রতিটি বিভাগে ভিন্ন বর্ণের এত শিল্পী অস্কার মনোনয়ন পাননি। তাই একাডেমি কর্তৃপক্ষের এবারের মনোনয়ন তালিকার প্রশংসা হচ্ছে সেই শুরু থেকেই।
তবে যুক্তরাষ্ট্রের হালের রাজনৈতিক পরিস্থিতির কারণে অস্কারে এবার কিছু বিপত্তিও ঘটেছে। সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় অস্কার আসর বয়কট করেছেন ইরানি নির্মাতা আসগর ফারহাদি। তাঁর ছবি দ্য সেলসম্যান এবার সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে। এ ছবির অভিনেত্রী তারানেহ আলীদুস্তিও একই কারণে বর্জন করেছেন অস্কার। সম্প্রতি জানা গেছে, আজ অস্কার অনুষ্ঠানের ঠিক আগেই এ ছবির একটি বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। ফারহাদির অস্কার বর্জনের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই অস্কারের আগমুহূর্তে এই প্রদর্শনীর আয়োজন। লন্ডনের ট্রাফালগার স্কয়ারে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান সংবাদ সংস্থা এএফপিকে জানান, প্রায় ১০ হাজার দর্শক আজ এ ছবির প্রদর্শনীতে অংশ নিতে পারেন। এদিকে প্রদর্শনীতে অংশ না নিলেও আসগর ফারহাদি লন্ডনবাসী ও শহরের মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে অস্কার মনোনীত তথ্যচিত্র দ্য হোয়াইট হেলমেটস-এর কুশলীদের নিয়েও গতকাল জটিলতার সৃষ্টি হয়েছে। এবারের অস্কার আসরে এ তথ্যচিত্রে দেখানো উদ্ধারকর্মীদের অতিথি হয়ে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মার্কিন ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় অস্কারে অংশ নিতে পারছেন না তাঁরা। রায়ীদ সালেহ ও খালেদ খতিব নামের দুই উদ্ধারকর্মীর এবারের অস্কার আসরে দ্য হোয়াইট হেলমেটস-এর অংশ
হিসেবে অস্কারে যাওয়ার কথা ছিল। কিন্তু গত শনিবার ইস্তাম্বুল থেকে খালেদ খতিব টুইট করেন, ‘তিন দিন বিমানবন্দরে থাকার পর অস্কার ২০১৭-তে যাওয়ার অনুমতি পেলাম না। মার্কিন ভিসা ছিল, তবে পাসপোর্ট গ্রহণ করল না কর্তৃপক্ষ। দুঃখজনক। তবে এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করার আছে।’
এক নজরে এবারের অস্কার
৮৯তম একাডেমি অ্যাওয়ার্ড আসরে আজ ২৪টি বিভাগে মনোনীতদের মধ্য থেকে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে অস্কার পুরস্কার। এ বছর ৩৩৬টি ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হয় সেরা চলচ্চিত্র বিভাগে লড়াইয়ের জন্য। শেষ নাগাদ সংক্ষিপ্ত তালিকায় চূড়ান্ত মনোনয়ন পায় ৯টি ছবি—অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকসো রিজ, হেল অর হাই ওয়াটার, হিডেন ফিগার্স, লা লা ল্যান্ড, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি ও মুনলাইট।
এবারের অস্কার আসর সঞ্চালক কমেডিয়ান ও টিভি অনুষ্ঠান উপস্থাপক জিমি কিমেল। অস্কারে এ বছর বিভিন্ন বিভাগে বিজয়ী নির্বাচনের জন্য ভোট দেন ৬ হাজার ৬৮৭ জন একাডেমি সদস্য। আর আজকের অনুষ্ঠানটি ডলবি থিয়েটারে বসে দেখবেন ৩ হাজার ৩০০ জন দর্শক। এ অনুষ্ঠানটির প্রচারকাজে কাজ করছেন প্রায় ২৭০ জন কর্মী।