উত্তেজনা, শক্তির মহড়া, উৎসব সবই ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

রাত একটায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলাউ​দ্দিন মজুমদার জানান, বেসরকারি ফল অনুযায়ী সভাপতি পদে মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক পদে ফয়সল ইকবাল চৌধুরী বিজয়ী হয়েছেন

বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দুটি পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করে। এর একটি হলো নাসির উদ্দিন মাহমুদ-আ ম ম মিনহাজুর রহমান পরিষদ এবং অপরটি মুজিবুল হক খান-ফয়সল ইকবাল চৌধুরী পরিষদ। প্রথম পরিষদকে সমর্থন দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং পরের পরিষদের জন্য প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রামে আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা দুটি পরিষদের পক্ষে অবস্থান নেওয়ার প্রভাব পড়েছে ভোট গ্রহণের সময়ে। সকাল থেকে দুই পক্ষই কেন্দ্রের বাইরে নিজেদের শক্তির মহড়া করেছে। নাসির-মিনহাজ পরিষদের পক্ষে চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, যুবলীগ নেতা হেলাল আকবার চৌধুরী ওরফে বাবর, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আজিমসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এই পক্ষের নেতা-কর্মীদের মাথায় ছিল নাসির-মিনহাজ পরিষদ নাম লেখা হলুদ টুপি।

অন্যদিকে মুজিব-ফয়সল পরিষদের পক্ষে যুবলীগ নেতা দিদারুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর টিপু, সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাতসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এঁদের মাথায় ছিল মুজিব-ফয়সল পরিষদ লেখা নীল টুপি ও পরনে নীল টি-শার্ট। স্কুলের প্রধান ফটকের সামনে রাস্তার দুই পাশে দুই পক্ষ অবস্থান নিয়ে স্লোগানও দিয়েছে। পাল্টাপাল্টি স্লোগানের কারণে কখনো কখনো উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যে মূল ফটকের ভেতরে দুই পক্ষের প্রার্থীদের মধ্যেও উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। নির্বাচনকে ঘিরে জামালখান ও আশপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদার বলেন, নজিরবিহীন নিরাপত্তার মধ্যে খাস্তগীর স্কুলে ভোট গ্রহণ করা হয়েছে।

দুই পক্ষের ব্যাপক উপস্থিতি এবং স্লোগান-পাল্টা স্লোগানের কারণে পুলিশ স্কুলের সামনের সড়কের এক পাশ বন্ধ করে দেয়। সকাল থেকে তিন শতাধিক পুলিশ ও র‍্যাব সদস্য কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান নেন। ভোট শুরুর সময় সকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) দেবদাস ভট্টাচার্য। এ ছাড়া নগরের সার্সন রোড মোড়, গনি বেকারি মোড় এবং চেরাগী পাহাড় মোড়েও ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। এসব মোড়েও দুই পক্ষের অনুসারীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ বলেন, প্রচুর পুলিশ এই নির্বাচনে দায়িত্ব পালন করছে। এ ছাড়া র‍্যাব ও ম্যাজিস্ট্রেট ছিল।

নির্বাচনে এবার ভোটার ছিল ৪ হাজার ৪৯২ জন। ৩২টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। ৯৬ জন পোলিং অফিসার ভোট গ্রহণ কাজে ছিলেন। হাসপাতালের দায়িত্ব পালন শেষে কিংবা দায়িত্ব পালনের মাঝখানে এসে ভোট দিয়েছেন অনেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক চন্দন সাহা বলেন, ‘আমি কক্সবাজার ট্রেনিংয়ে ছিলাম। ভোট দিতে চলে এলাম। কাল আবার ট্রেনিংয়ে চলে যাব।’

মুজিব-ফয়সল পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মো. ফয়সল ইকবাল চৌধুরী বলেন, কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচনে এতটা নিরাপত্তা কখনো ছিল না। এমনকি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি।

নাসির-মিনহাজ পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী আ ম ম মিনহাজুর রহমান বলেন, কেবল নির্বাচনে ভোট দেওয়া নয়, এটি চিকিৎসকদের মিলনমেলা।

সকাল থেকে কেন্দ্রের প্রধান ফটকের ভেতরে এক পরিষদের সভাপতি প্রার্থী নাসির উদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক প্রার্থী আ ম ম মিনহাজুর রহমান এবং অপর পরিষদের সভাপতি প্রার্থী মুজিবুল হক খান ও ফয়সল ইকবাল চৌধুরী ভোটারদের স্বাগত জানান। এ সময় মিনহাজ ও ফয়সলের মধ্যে দফায় দফায় বাগ্‌বিতণ্ডা হয়েছে। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়।

নির্বাচন উপলক্ষে খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে চিকিৎসকদের মিলনমেলা বসে।আগে বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচন হতো নগরের জিইসি মোড়ের বিএমএ ভবনে। এবার প্রথমবারের মতো নির্বাচনে ভোট গ্রহণ বিএমএ ভবনের বাইরে অনুষ্ঠিত হলো।