কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইয়ামিন ভূঁইয়ার (১৮) পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় কলেজের শিক্ষার্থীরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর করেছে। গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা তিনটার দিকে জুরানপুর বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইয়ামিন ভূঁইয়া সহপাঠীদের সঙ্গে বাজি ধরে কলেজের একটি পুকুরে ডুব দেন। প্রায় পাঁচ মিনিট পরও পুকুর থেকে না ওঠায় সহপাঠীদের সন্দেহ হয়। এরপর সহপাঠীরা ইয়ামিনকে পুকুর থেকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল আমিন মিয়াজী তাঁকে মৃত ঘোষণা করেন। ইয়ামিন কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর গ্রামের আমির হোসেন ভূঁইয়ার ছেলে। ইয়ামিনের বাবা ও সহপাঠীরা মিলে মৃত ইয়ামিনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ‘কিছু সময় আগে আনলে বাঁচানো যেত’ বলে মত প্রকাশ করেন। এমন মন্তব্যে উত্তেজিত হয়ে ওঠে কলেজের শিক্ষার্থীরা। তারা লাঠিসোঁটা নিয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসে ভাঙচুর চালায়। প্রথমে জরুরি বিভাগের আসবাব ও জানালা, পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চিকিৎসকদের বসার কক্ষ ভাঙচুর করে। ভাঙচুর চলাকালে হাসপাতালে ভর্তি করা রোগীসহ চিকিৎসক-কর্মচারী, আবাসিক ভবনের লোকজন জীবন রক্ষার্থে ছোটাছুটি করতে থাকেন।
খবর পেয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন, দাউদকান্দি সার্কেলের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মহিদুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে এক জরুরি সভা ডাকা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জালাল হোসেনসহ সব চিকিৎসক, জুরানপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম, উপাধ্যক্ষ শাহ আলম ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
ভাঙচুরের ঘটনার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়ে চিকিৎসা নিতে আসা রোগীরা। সন্ধ্যা সাতটায় দাউদকান্দির ইউএনও আল আমিন জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু করেন।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমেদ বলেন, ইয়ামিন ভূঁইয়া কলেজের শওকত আলী ও জুলফিকার আলী হাউসের আবাসিক শিক্ষার্থী ছিল। সে প্রায়ই সহপাঠীদের সঙ্গে বাজি ধরে পুকুরের পানিতে ডুব দিয়ে থাকত। অন্যান্য দিনের মতো গতকালও (মঙ্গলবার) সে ডুব দেয়। তবে পরে আর পুকুরের পানি থেকে উঠতে পারেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনায় থানা-পুলিশ জুরানপুর বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাবিল হাসান, জামান মিয়া এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী অনুপমকে আটক করে। পরে অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বলেন, কলেজছাত্র ইয়ামিন পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। হাসপাতাল ভাঙচুরের বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত হবে।