উত্ত্যক্ত, অপহরণের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহনন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত ও অপহরণের শিকার হয়ে ঝরে গেল আরেকটি সম্ভাবনাময় প্রাণ। মৃতের নাম সেতু মণ্ডল।বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী ও সংগীতশিল্পী সেতু গত মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সে মারা যায়।মেয়েটির সহপাঠী ও এলাকাবাসী জানান, ভীমেরপাড় গ্রামের অমূল্য মণ্ডলের মেয়ে ও মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সেতুকে প্রেম নিবেদন করে আসছিল গ্রামের মৃত ইয়ার উদ্দিন হাওলাদারের বখাটে ছেলে ইমন (১৬)। মেয়েটি সম্মত না হওয়ায় ইমন ও তার সহযোগীরা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। সেতুর বড় ভাই বিপ্লব জানান, কিছুদিন আগে সেতু বিষয়টি জানালে তাঁরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, প্রধান শিক্ষক ও বখাটের অভিভাবকের কাছে বিচার দেন। এতে ইমন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সেতুর ছোট ভাই একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সুজয় জানায়, ৫ সেপ্টেম্বর দুই ভাইবোন বিদ্যালয়ে যাওয়ার পথে ইমন সহযোগীদের নিয়ে তাদের পথ রোধ করে। তারা সেতুকে অপহরণের হুমকি দেয়।সেতুর পরিবার জানায়, হুমকির বিষয়টি গৌরনদী থানায় লিখিতভাবে জানানো হয়। কিন্তু থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন এলাকায় এলেও কোনো ব্যবস্থা নেননি।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ইমনকে প্রধান আসামি করে দুজনের নাম উল্লেখসহ ছয়-সাতজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।