উত্ত্যক্ত, মাদক বিক্রি ও জুয়া খেলার দায়ে ২১ জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত করা, বালু উত্তোলনর, মাদক বিক্রি ও জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত যুবলীগের এক নেতাসহ ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। গত তিন দিনে পিরোজপুর, পাবনার চাটমোহর, ফরিদপুর, সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, নোয়াখালী, বাগেরহাট ও খাগড়াছড়ির মানিকছড়িতে অভিযান চালিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। লাইসেন্স নবায়ন না করায় ফরিদপুরের বোয়ালমারীতে রোববার আদালত এক ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর; পিরোজপুর: পিরোজপুরে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) ঢুকে এক নারী শিক্ষককে উত্ত্যক্ত করার দায়ে আদালত এক যুবককে ছয় মাসের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ড পাওয়া মনির হোসেন মঠবাড়িয়া শহরের থানাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে। চাটমোহর (পাবনা): আদালত রোববার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রির দায়ে চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। তাঁরা হলেন হরিপুর ইউনিয়নের মুকা, রতনপুর গ্রামের নূর ইসলাম, মথুরাপুর গ্রামের ইসলাম পাঠান ও একই গ্রামের সাবান আলী। ফরিদপুর: আদালত রোববার গাঁজা রাখার দায়ে ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর মহল্লার জাফর শেখকে (২৫) এক বছর কারাদণ্ড দিয়েছেন।সিরাজগঞ্জ: শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালত গত শনিবার গাঁজার ব্যবসা করা ও জুয়া খেলার দায়ে ১১ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন শহরের মালসাপাড়া মহল্লার মতিন সেখ, সদর উপজেলার ফুলকোচা গ্রামের মোতালেব হোসেন, সাইদুল ইসলাম, একই এলাকার সুলতান মাহমুদ, মোস্তফা কামাল, হাট ছোনগাছা গ্রামের গোলাম নুর, রফিকুল ইসলাম, রাজিবপুর গ্রামের লতিফ, আবদুল মালেক, কৃষ্ণজীবনপুর গ্রামের বাচ্চু ও ইসমাইল হোসেন। নোয়াখালী: সেনবাগের গাজিরহাট মোড় এলাকায় মাদকদ্রব্য বিক্রির দায়ে আনোয়ার হোসেন (৪২) নামে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বোয়ালমারী (ফরিদপুর): লাইসেন্স নবায়ন না করার দায়ে আদালত উপজেলার নদীয়ারচাঁদ গ্রামের স্টার ব্রিকস নামে একটি ইটভাটার মালিক মো. আহসানুল কবিরকে রোববার ৪০ হাজার টাকা জরিমানা করেন। বাগেরহাট: এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রামপালের বড় দুর্গাপুর গ্রামের আজিজ শেখের ছেলে জনি শেখকে গতকাল সোমবার এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়গঞ্জ (সিরাজগঞ্জ): স্কুল ও কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে উপজেলার সিমলা গ্রামের হারাধন সরকারের ছেলে রাজকুমার সরকারকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মানিকছড়ি (খাগড়াছড়ি): মানিকছড়ির খালের গোদারপাড় বালুমহাল থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে উপজেলা যুবলীগের সহসভাপতি মো. মুনছুর আলীকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।