উত্ত্যক্ত, মাদক ব্যবসা, জুয়া খেলার দায়ে ২৩ জনকে দণ্ড ও জরিমানা
পিরোজপুরের জিয়ানগরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক ব্যবসা করার দায়ে ছয় স্থানে গত কয়েক দিনে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে জুয়া খেলার দায়ে দুজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পিরোজপুর: এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জিয়ানগরের সুভংকর ভক্ত (৩০) নামে এক বখাটেকে গতকাল মঙ্গলবার ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লালপুর (নাটোর): মাদক ব্যবসা ও বিক্রি করার দায়ে আদালত গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে (এক মাস থেকে দুই বছর পর্যন্ত) কারাদণ্ড দিয়েছেন। এঁরা হলেন মজনু, মতিউর রহমান, বিরেন্দ্র সিং, আবদুল খালেক, আতাউর রহমান, সাহারা বেগম, ইসরাইল হোসেন, আনিসুর রহমান, সামির হোসেন, আবদুল মজিদ, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম ও ইসমাইল মণ্ডল।শিবগঞ্জ (বগুড়া): গাঁজা রাখার দায়ে শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামের শাহ আলম, কুমিল্লার বুড়িচং এলাকার জাহাঙ্গীর আলম ও ছাইফুল ইসলামকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান তাঁদের এই দণ্ড দেন।রংপুর: ফেনসিডিল রাখার দায়ে মমিনপুর এলাকার মহসির আলীকে গত সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আলমগীর এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। মাদক ব্যবসা করার দায়ে একই দিন কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার জিয়া ও শাহীনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এক মাসের কারাদণ্ড দেন।মাদারীপুর: গাঁজা রাখার দায়ে কুমড়াখালী এলাকার বেগমকে (২৮) সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।বোয়ালমারী (ফরিদপুর): জুয়া খেলার দায়ে আলফাডাঙ্গা উপজেলার গরানিয়া গ্রামের মো. হিরু মিয়া (৩৫) ও শিরগ্রামের মো. আকরাম সিকদারের (৪০) কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন আদালত। বোয়ালমারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল গত রোববার তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেন।আত্রাই (নওগাঁ): উপজেলার শিমুলিয়া গ্রামের জহুরুল ইসলামকে ১০৮ বোতল অ্যালকোহল রাখার দায়ে আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।