উত্ত্যক্ত ও বখাটের মায়ের অপমানে স্কুলছাত্রীর আত্মহনন
স্কুলছাত্রী দোলনের বাবা-মা নেই। থাকত নানির সঙ্গে। বিদ্যালয়ে যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত করত গ্রামের দুই বখাটে। এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো এক বখাটের মা দোলনের বাড়ি গিয়ে তাকে ও তার নানিকে অপমান করেন। ক্ষোভে-দুঃখে আত্মহত্যা করে দোলন। গত শনিবার যশোরের বেনাপোলের নামাজ গ্রামে এ ঘটনা ঘটে।দোলন বেনাপোলের মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় গতকাল সোমবার দোলনের নানি তহমিনা বেগম বেনাপোল থানায় উত্ত্যক্ত ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় নামাজ গ্রামের বখাটে নাসির, তার মা আমেনা বেগম, নাসিরের বন্ধু রুবেল ও রুবেলের মা রিজিয়া বেগমকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, বিদ্যালয়ে যাতায়াতের পথে নাসির ও রুবেল দোলনকে বিয়ের প্রস্তাব দিয়ে অশ্লীল মন্তব্য করত। দোলন বিষয়টি বাড়ির লোকজনকে জানালে তারা স্থানীয়দের জানায়। গত শনিবার সকাল সাতটার দিকে নাসিরের মা আমেনা তাদের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। এ সময় তিনি দোলনকে ‘বাজে মেয়ে’ বলে আখ্যায়িত করেন। এ ঘটনার পর প্রচণ্ড মন খারাপ করে বিদ্যালয়ে যায় দোলন। দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পর আমেনা আবার বাড়িতে এসে দোলনকে গালাগাল করে চলে যান। কিছুক্ষণ পর দোলন ঘরে আড়ার সঙ্গে গলায় স্কার্ফ পেঁচিয়ে আত্মহত্যা করে।পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাতে পুলিশ দোলনের লাশ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নাসির দোলনকে বিয়ে করতে তার মাকে প্রস্তাব পাঠাতে বলে। নাসিরের মা দোলনদের বাড়িতে গিয়ে তাকে ও তার নানিকে গালাগাল করেন। এই ক্ষোভে মেয়েটি আত্মহত্যা করে। ওসি শামীম জানান, ঘটনার পর পর আসামিরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।