উত্ত্যক্ত ও মাদক সেবন করায় আটজনের দণ্ড
শাহজাদপুর সরকারি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল রোববার উপজেলার শক্তিপুর গ্রামের বিল্লাল হোসেনকে (২৩) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া তাঁকে সহযোগিতা করার দায়ে অইগবাড়ি পাড়কোলা গ্রামের এক মেয়েকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।
আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ এই রায় দেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন উপজেলার পুকুরপাড় গ্রামের সাইদুল, নারানদহ গ্রামের রইজ উদ্দিন, মশিপুর গ্রামের হায়দার (৩০), রামবাড়ি গ্রামের খসরু, শক্তিপুর গ্রামের আজাদ, স্বরূপপুর গ্রামের জায়দুল ও উল্লাপাড়ার বালসাবাড়ি গ্রামের আব্বাস আলী।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বিল্লালকে এবং মাদক সেবন করা অবস্থায় ওই সাতজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর তাঁদের গতকাল বিকেলেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।