উত্ত্যক্ত করতে গিয়ে ধরা খেয়ে কারাগারে বখাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের সামনে দাঁড়িয়ে উত্ত্যক্ত করার সময় ছাত্রীরা একজোট হয়ে ওই বখাটেকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার পাবনার ঈশ্বরদীতে।
ওই বখাটের নাম চমন আলী (১৯)। তিনি শহরের পূর্বটেংরী এলাকার আরশেদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিন পূর্বটেংরী বালিকা উচ্চবিদ্যালয়ে সামনে চমন তাঁর বন্ধুদের নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। গতকাল দুপুরেও তিনি কয়েকজন সহযোগীকে নিয়ে বিদ্যালয়ের গেটে ছাত্রীদের উত্যক্ত করছিলেন। এ সময় ছাত্রীরা একত্র হয়ে চমনকে ঘেরাও করে উত্তম-মাধ্যম দেয়। এ সময় চমনের দুই সহযোগী পালিয়ে বাঁচে। পরে শিক্ষকদের মাধ্যমে চমনকে ঈশ্বরদী থানা-পুলিশে সোপর্দ করে ছাত্রীরা।
বিকেলে চমনকে ঈশ্বরদী উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালতে আনা হয়। আদালতের বিচারক ঈশ্বরদীর ইউএনও (ভারপ্রাপ্ত) জাহিদ নেওয়াজ তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।