উত্ত্যক্ত করা প্রতিরোধে চাই আইনের প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের উক্ত্যক্ত করা প্রতিরোধ করতে এ-সংক্রান্ত আইনের ব্যাপক প্রচার দরকার। একই সঙ্গে সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। গতকাল বুধবার চট্টগ্রামের পাঁচলাইশে শিশু একাডেমী মিলনায়তনে শিশু অধিকারবিষয়ক জবাবদিহিমূলক এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) চট্টগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল শিশু একাডেমী, বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) তারেক আহমেদ, শিশু সংগঠক ও চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, মো. গিয়াস উদ্দিন, আবিদা আজাদ, জেলা শিশু-বিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালাম প্রমুখ।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ইভ টিজিং প্রতিরোধে কঠোর আইন আছে। ভ্রাম্যমাণ আদালত বখাটেদের ইভ টিজিংয়ের দায়ে দুই বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। এ আইনের প্রচার প্রয়োজন। কিছুদিনের মধ্যেই আইনের বিষয়টি জানিয়ে বিভিন্ন বিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হবে। এতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের জন্য নম্বর দেওয়া থাকবে, যাতে এ রকম কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ ও প্রশাসনকে ভুক্তভোগী মানুষ জানাতে পারে।
শিশু সংগঠক এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, বখাটেদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। কারণ, যাঁরা উত্ত্যক্তের শিকার হন তাঁদের স্বাভাবিক মানসিক বিকাশ অনেক সময় বাধাগ্রস্ত হয়। এটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার। এ ছাড়া শিশুদের নিরাপদ ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়টি নিশ্চিত করতে সরকারি পর্যায়েও উদ্যোগ নেওয়া প্রয়োজন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) তারেক আহমেদ শিশু নির্যাতন প্রতিরোধে আলাদা হটলাইন চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের একজন গৃহশ্রমকে ঝুঁকিপূর্ণ শ্রমের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানায়।
শিশু অধিকার-বিষয়ক জবাবদিহিমূলক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ চট্টগ্রামের সভাপতি বাপ্পী দাশ।