উত্ত্যক্ত করা বন্ধের দাবি ছাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসিক হলে নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসে উত্ত্যক্ত ও হলের সামনে অশ্লীল গালাগাল দেওয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। ছবি: শাহীদুজ্জামান সাগর
আবাসিক হলে নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসে উত্ত্যক্ত ও হলের সামনে অশ্লীল গালাগাল দেওয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। ছবি: শাহীদুজ্জামান সাগর

ছাত্রীদের আবাসিক হলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসে ছাত্রীদের উত্ত্যক্ত ও হলের সামনে অশ্লীল গালাগাল দেওয়া বন্ধ করাসহ কয়েকটি দাবিতে আজ বুধবার মানববন্ধন করেছেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দুই শতাধিক ছাত্রীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়। এসব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনে নামারও ঘোষণা দিয়েছেন ছাত্রীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জাকিয়া সুলতানা, সদস্য জিনিয়া হোসাইন, রয়া ত্রিপুরাসহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচী শিল্পীগোষ্ঠীর নেতা-কর্মীরা।

ছাত্রীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে মধ্যরাতে ছাত্রীদের হলের সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। হলের বিভিন্ন জায়গায় কুরুচিপূর্ণ দেয়ালিকা সাঁটানো ও উচ্চস্বরে গান বাজানো হয়। ক্যাম্পাসেও ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করা হয়। এতে ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছাত্রীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শহীদুর রহমান খান প্রথম আলোকে বলেন, ছাত্রীদের সমস্যাগুলো খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।