উত্ত্যক্ত করায় তিন তরুণের কারাদণ্ড
উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জয়পুরহাটের আক্কেলপুরে প্রিন্স মাহমুদ, বগুড়ার কাহালুতে মেহেদি হাসান ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ওমর ফারুক নামের তিন তরুণকে কারাদণ্ড দিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
আক্কেলপুর: প্রিন্স মাহমুদ ওরফে সাজিদ (১৮) নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ছাত্রীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গত রোববার রাতে তাঁকে আটক করে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। প্রিন্স মাহমুদ আক্কেলপুর মুজিবর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
বগুড়া: পাঁচপীর ফকিরপাড়া গ্রামের মেহেদি হাসান (১৯) এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করতেন। রোববার বিকেলে ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করেন। পুলিশ রাতেই মেহেদিকে আটক করে। গতকাল সকালে আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সিরাজগঞ্জ: ছাত্রীকে উত্ত্যক্ত করায় আদালতের বিচারক ইউএনও ইকবাল আখতার গত রোববার বিকেলে রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের তিননান্দিনা গ্রামের ওমর ফারুককে (২২) এক বছরের কারাদণ্ড দেন।