উত্ত্যক্ত করার অপরাধে উজিরপুরে বখাটের এক বছরের সাজা
বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়নের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আল আমিন নামের এক বখাটেকে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়সিন্ধু তালুকদার ওই সাজা দেন। আল আমিন আগৈলঝাড়ার রত্নপুর এলাকার সেলিম সরদারের ছেলে।জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে কয়েক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল আল আমিন। সোমবার দুপুর ১২টায় কোচিং ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সে পুনরায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় এলাকাবাসী হাতেনাতে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে মামলা করলে তাৎক্ষণিকভাবে আদালত বসিয়ে অভিযুক্ত বখাটেকে এক বছরের সাজা দেন ইউএনও।ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রিয়সিন্ধু তালুকদার বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই বখাটেকে এক বছরের সাজা দেওয়া হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।