উত্ত্যক্ত করার অভিযোগ রোগীর, চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীকে উত্ত্যক্ত করার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন চিকিৎসককে গতকাল শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি রোধে গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।জানা গেছে, চোখের সমস্যা নিয়ে দশম শ্রেণীতে পড়ুয়া ওই রোগী গতকাল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে যায়। এ সময় তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া বোন সঙ্গে ছিলেন। চিকিৎসকের কক্ষ থেকে বেরিয়ে ওই ছাত্রী উত্ত্যক্তের অভিযোগ করে। তার বড় বোন বলেন, রোগী দেখার অজুহাতে চিকিৎসক তাঁর বোনকে হয়রানি করেছেন। এ ঘটনায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। অভিযোগ অস্বীকার করে হাসপাতালের চক্ষু বিভাগের ওই চিকিৎসক বলেন, রোগ নির্ণয়ের জন্য তিনি রোগীর মাথা স্পর্শ করেছিলেন।রোগীর বড় বোন বিষয়টি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে জানালে ওই সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হন। তখন হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসাররা তাঁকে বহির্বিভাগের ছবি ধারণে বাধা দিলে সেখানে হট্টগোল সৃষ্টি হয়। ওই সাংবাদিকও পরে কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগ এনে শাহবাগ থানায় একটি জিডি করেন।এ ব্যাপারে বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।