উত্ত্যক্ত করার ঘটনায় সাক্ষ্য দেওয়ায় বাবা-বোন লাঞ্ছিত
বগুড়ার শেরপুরে মেয়েকে (২৭) উত্ত্যক্ত করার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে সাক্ষ্য দেওয়ায় বাবা ও বড় বোনকে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। গত সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার হওয়া দুজন হলেন ওই মেয়ের বাবা লুৎফর রহমান ও তাঁর বড় বোন লাজলিমা আক্তার।মেয়েটি জানান, শেরপুর শহরের নয়াপাড়ার বাড়ি থেকে সোমবার বেলা ১১টায় বাজারে যাওয়ার জন্য বের হলে একই এলাকার জাহিদ হাসান (১৮) তাঁকে দেখে অশ্লীল কথা বলে। এ ঘটনায় মেয়েটি সোমবার পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ জাহিদকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত জাহিদকে এক মাসের কারাদণ্ড দেন।আদালত থেকে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের পানির পাম্পের পাশে জাহিদের কয়েকজন স্বজন লুৎফর রমহান ও লাজলিমাকে লাঞ্ছিত করে। জাহিদের বাবা আয়নাল হোসেন ও মা জরিনা বেগম দাবি করেন, তাঁদের ছেলে নির্দোষ। মিথ্যা সাক্ষ্য দিয়ে তাঁকে সাজা দেওয়া হয়েছে।শেরপুর থানার এসআই হাফিজুর রহমান সাক্ষীদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেন।আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম প্রধান জানান, ওই দুই সাক্ষী বিষয়টি তাঁর কক্ষে এসে জানান। তিনি পুলিশের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় ওই মেয়ে সোমবার সন্ধ্যায় জাহিদের মা-বাবাসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।