উত্ত্যক্ত করার দায়ে
বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে গতকাল সোমবার দুপুরে রানা মিয়া (১৮) নামের এক বখাটেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমদ কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রানার স্বজনরা পাঁচ হাজার টাকা জরিমানা পরিশোধ করে তাকে থানা থেকে ছাড়িয়ে নেন। রানার বাড়ি কসবা পৌর এলাকার তেতৈয়া গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী ছুটির পর বাড়ি ফেরার পথে সাহাপাড়া রাস্তায় রানা তাকে উত্ত্যক্ত করে। এ সময় মেয়েটি চিৎকার করলে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রানাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ইউএনওর কার্যালয়ে ইউএনও আহমদ কবীর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রানাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।