উত্ত্যক্ত করার দায়ে কলেজছাত্রের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় গতকাল শুক্রবার আবদুল কাদের (২৪) নামের এক কলেজছাত্রকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ এ রায় দেন।
আবদুল কাদেরের বাড়ি উপজেলার মনজিয়া দক্ষিণপাড়া গ্রামে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের বিবিএর শিক্ষার্থী।
তবে কাদেরের দাবি, তিনি মেয়েটিকে উত্ত্যক্ত করেননি। প্রেমের সম্পর্ক ধরে ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে।
কাদের উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করে আসছিলেন। গত বৃহস্পতিবার কলেজে আসার পথে ওই ছাত্রীকে আবার উত্ত্যক্ত করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। খবর দিলে পুলিশ এসে তাঁকে ঘটনাস্থল থেকে আটক করে।