উত্ত্যক্ত করার দায়ে ছাত্রের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দশম শ্রেণির এক ছাত্রকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল আহসান গতকাল বৃহস্পতিবার এই কারাদণ্ড দেন।
দণ্ড পাওয়া ওই ছাত্রের নাম মাহফুজুর রহমান খন্দকার। তাঁর বাড়ি শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায়। সে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের ছাত্র।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাহফুজুর নিজ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দুই বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল বেলা ১১টার দিকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় সদর থানার এসআই মাসুদ রানা তাকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান। এ সময় ওই ছাত্রী ও তার মা সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে ওই ছাত্রী মাহফুজুরের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয়। ওই ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাজমুল আহসান বিদ্যালয়ে এসে স্কুলছাত্র মাহফুজুরকে সাত দিনের কারাদণ্ড দেন।
নির্বাহী হাকিম নাজমুল আহসান জানান, উত্ত্যক্ত করার দায়ে ওই ছাত্রকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।