উত্ত্যক্ত করার দায়ে তরুণের এক মাসের জেল
নীলফামারীর ডোমার উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে মফিজার রহমান (২২) নামের এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন গত শুক্রবার রাতে ওই আদালত পরিচালনা করেন।
মফিজার উপজেলা সদরের পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া গ্রামের বাসিন্দা ও ডোমার বাজারের একটি রড-সিমেন্টের দোকানের কর্মচারী।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মালিকের গুদাম থেকে দোকানের মালামাল আনা-নেওয়ার সময় ওই গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করতেন মফিজার। একপর্যায়ে ওই গৃহবধূ মফিজারের বিরুদ্ধে গত শুক্রবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেন।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী বলেন, গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে দোকান কর্মচারী মফিজারকে আটক করে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন ওই তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল শনিবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।