উত্ত্যক্ত করার দায়ে তরুণের তিন মাসের কারাদণ্ড
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলের সময় ভ্রমণে আসা এক পর্যটক তরুণীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল বৃহস্পতিবার মাসুদ আলমকে (২২) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাসুদ কুমিল্লার বরুড়া উপজেলার গনকখুলী গ্রামের আবদুল মালেকের ছেলে। পুলিশ জানায়, মাসুদও গত মঙ্গলবার কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে আসেন। সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে উত্ত্যক্ত করার অভিযোগে আটক মাসুদ আলমকে সৈকত ট্যুরিস্ট পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় মাসুদ আলম দোষ স্বীকার করলে ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমদ তাঁকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। ইয়াবাসহ আটক ১ কক্সবাজার শহরতলির লিংক রোড এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশ ৭২৬টি ইয়াবা বড়িসহ মো. ছলিমকে (২০) গ্রেপ্তার করেছে। তিনি উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মো. ইলিয়াছের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাকের হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।