উত্ত্যক্ত করার দায়ে দুই যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ি সন্তোলা গ্রামের জাহিদ খন্দকার (১৬) ও মুরাদ মণ্ডল (১৬) নামের দুই কিশোরকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদার গতকাল মঙ্গলবার বিকেলে এই সাজা দেন।
সাদুল্যাপুর থানার পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহিদ ও মুরাদ একই গ্রামের দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে। গত সোমবার বিকেলে দুই ছাত্রী একসঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মুঠোফোনে ছবি তোলে জাহিদ ও মুরাদ। কিন্তু ভয়ে ছাত্রীরা বিষয়টি গোপন রাখে। গতকাল সকালে ওই দুই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই দুই কিশোর পুনরায় তাদের উত্ত্যক্ত করতে করতে বিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত যায়। ছাত্রীরা বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় জাহিদ ও মুরাদকে আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত দুই যুবকের প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, সাজাপ্রাপ্ত দুই যুবককে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।