উত্ত্যক্ত করার দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর ও চট্টগ্রামের লোহাগাড়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কমলনগরে দণ্ডপ্রাপ্ত মো. সুমনের বাড়ি উপজেলার চরমার্টিন এলাকায়। সে লক্ষ্মীপুরের দালালবাজার কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সুমন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল বৃহস্পতিবার জেএসসি পরীক্ষা দিতে গেলে সুমন ওই ছাত্রীকে আবার উত্ত্যক্ত করে। ওই সময় স্থানীয় লোকজন সুমনকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে বিকেলে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও‍) ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওসি বলেন, আজ শুক্রবার সুমনকে কারাগারে পাঠানো হবে।

এদিকে এক জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল লোহাগাড়ায় শাকিল আহমেদ নামে দশম শ্রেণির এক ছাত্রকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়ার ইউএনও মো. ফিজনূর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্র জানায়, শাকিল আহমেদ দীর্ঘদিন ধরে এক মাদ্রাসাছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল জেডিসি পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় শাকিল তাকে আবারও উত্ত্যক্ত করে। পরে শিক্ষকেরা তাকে ধরে থানায় খবর দেন।

মো. ফিজনূর রহমান প্রথম আলোকে বলেন, উত্ত্যক্ত করার অভিযোগের সত্যতা পাওয়ায় শাকিলকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।